অকথা, কুকথার ফুলঝুরি চলছেই বিজেপি নেতামন্ত্রীদের মুখে। বারবার সতর্ক করেও ব্যর্থ হচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এবার বিজেপির প্রিয় দেবতা রামকে নিয়েই কুকথা বলে দলকে বিতর্কে ফেললেন যোগীর রাজ্যের বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং।
ভারতের উত্তর প্রদেশের বৈরিয়া জেলার বিধায়ক সুরেন্দ্র শনিবার (৭ জুলাই) বাল্লিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
রাজ্যে বেড়ে চলা ধর্ষণের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বিশ্বাস, রামও ধর্ষণ ঠেকাতে পারতেন না। এটা এক ধরনের প্রাকৃতিক দূষণ যা কাউকে ছাড়েনি। মানুষদেরই এটা দায়িত্বের মধ্যে পড়ে যে পরস্পরকে পরিবারের সদস্য, নারীদের নিজের বোনের মতো দেখা। সাংবিধানিক আইনে নয়, মূল্যবোধেই এটা থামানো সম্ভব।
দলীয় বিধায়কের এহেন মন্তব্যে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। প্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, ওই বিধায়ক গ্রামের মানুষ। তাই গুছিয়ে কথা বলার অভ্যাস না থাকায় তার বক্তব্যের অনেক সময়ই ভুল অর্থ করা হয়। তিনি আসলে বলতে চেয়েছিলেন নারী নির্যাতন রুখতে আদর্শ মূল্যবোধ গড়ে তোলা উচিত। তাদের সরকার মেয়েদের উপর অত্যাচারের তীব্র বিরোধী। নারী সুরক্ষায় বিজেপি যথাযথ পদক্ষেপ করছে।
প্রসঙ্গত, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে দলকে বিপদে ফেলেছিলেন সুরেন্দ্র নারায়ণ। এর আগে তিনি মমতা ব্যানার্জিকে সুর্পনখা বলে কটাক্ষ করেছিলেন। কখনও বলেছিলেন, সরকারি কর্মীদের থেকে যৌনকর্মীরা অনেক ভালো।
উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেনগারের সমর্থনে মুখ খুলে বলেছিলেন, তিন সন্তানের মাকে কেউ কখনও ধর্ষণ করতে পারে না। ওই কিশোরীর বাবাকে কেউ মারধর করতেই পারে, কিন্তু সেনগারকে ধর্ষণের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সম্প্রতি তাজমহলের নাম রাম মহল করার প্রস্তাবও দেন সুরেন্দ্র।

No comments:
Post a Comment