বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আসাম প্রসঙ্গ নিয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, আসাম সরকার ২কোটি ৮৯লক্ষ আবেদনকারী মানুষের নাম জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় প্রকাশ করেছে। অর্থাৎ ৪০লক্ষ আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য প্রকাশ করেছেন, তাতে নাম নথিভূক্ত না করা মানুষের উদ্বেগ বা আশঙ্কার অবসান ঘটবে না। বরং বিজেপি-র পক্ষ থেকে ভাষা ও ধর্মকে মিলিয়ে দেখার প্রবণতায় সমস্যা বাড়তে পারে। রাজ্য বামফ্রন্ট এই ধরণের বিভাজনের প্রচেষ্টা কখনো মেনে নিতে পারে না। আসাম সরকারের অবিলম্বে সর্বদলীয় বৈঠক করে এই স্পর্শকাতর বিষয়ে বাস্তবসম্মত সমাধান করা একান্ত জরুরী।
শোনা যায়, লক্ষ লক্ষ আবেদনকারী আসামে বসবাসকরী হিসেবে যে সমস্ত সাবুদ পেশ করেছিলেন, তা অনেকক্ষেত্রে গৃহীত হয়নি। নতুন করে নাম নথিভূক্ত করার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্দিষ্ট হয়েছে। এই সময়সীমা যথেষ্ট নাও হতে পারে। তাই এই সময়সীমাও বাড়াতে হবে। এরাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে কিছু কথা বলেছেন, যা এই সমস্যা সমাধানে যথেষ্ট নয়, বরং বিভ্রান্তিকর। বিধানসভার অধিবেশন চলছে। তাই বিধানসভায় সর্বদলীয় সভা করে এই ধরণের স্পর্শকাতর বিষয় সম্পর্কে নির্দিষ্ট বক্তব্য পেশ করার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট।

No comments:
Post a Comment