মৃন্ময় নস্কর, কুলতলী : ভালো চাষের আশায় প্রতি বছরের মত এবছর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় গরু দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার থেকে কুলতলি থানার মেরীগঞ্জে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এমনই এক গরু দৌড় প্রতিযোগিতা। স্থানীয় ভাষায় একে ‘মইছাড়া’ বলা হয়ে থাকে। প্রতিবছর এই মইছাড়া প্রতিযোগিতায় স্থানীয় চাষিরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাষিরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ও থাকে।
সুন্দরবনের চাষিদের বিশ্বাস এই গরুদৌড় প্রতিযোগিতা করলে চাষ ভালো হয়। তাই প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় চাষিরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী, ক্যানিং, জীবনতলা, মগরাহাট, কুলতলি সহ আশপাশের এলাকার মানুষজন। এবছরও পঞ্চাশ জোড়ার বেশি গরু এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। একদিকে ভালো চাষের আশায় অন্যদিকে চাষের আগে নিজেদের গরুগুলি সুস্থ ও তরতাজা আছে কিনা তা দেখে নেওয়ার জন্য এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাটুখানেক জলের মধ্যে দুই’জোড়া গরুকে একসাথে একটি মই’য়ের সাথে বেঁধে তাদের ছোটানো হয়। যে জোড়া গরু অন্য জোড়াকে হারিয়ে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারবে সেই গরু জোড়াকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় জয়ীদের জন্য স্টিলের আলমারি, বালতি, কলসি, সুটকেস, ফ্যান সহ বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। এছাড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকে বিভিন্ন ধরনের শান্তনা পুরস্কার। এই গরুদৌড় দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।


No comments:
Post a Comment