২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট কিপিং থেকে সরে এসে বল করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ এবার তাকে অনুকরণ করে বোলারের ভুমিকায় এলেন পাক উইকেট কিপার অধিনায়ক সরফরাজ আহমেদ৷
সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান৷ সিরিজের ফাইনাল ম্যাচে দু’ওভার বল করেন সরফরাজ৷ যদিও দ্বিতীয় ওভার করেতে এসে জিম্বাবুয়ের ব্যাটসম্যান পিটার মুরের কাছে ছয় খান৷ তবে এতে পাকিস্তানের ম্যাচ জিততে কোনও অসুবিধে হয়নি৷ ১৩১ রানে সিরিজের শেষ ম্যাচটি পকেটে পুরেছে পাকিস্তান৷
বোলার হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির একটি উইকেট রয়েছে৷ কিন্তু পাক অধিনায়ক উইকেট ছাড়াই প্রথম বোলিং স্পেল শেষ করেন৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আপকামিং এশিয়া কাপকেই পাখির চোখ করছেন পাক অধিনায়ক৷ সরফরাজ জানান, ‘এই সিরিজ থেকে অনেককিছু শিখেছি৷ আশা রাখছি এই অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে পারব৷’ পাশাপাশি পাক অধিনায়ক জানান, ‘আমাদের বিশ্রামের দরকার আছে৷ বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে আবার সামনের ম্যাচগুলোর জন্য নিজেদের তৈরি করতে হবে৷’ সেপ্টেম্বরে আবুধাবিতে এশিয়া কাপের আসর বসবে৷
রবিবার বুলাওয়ায়ো জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে পাকিস্তান৷ ইমাম উল(১১০ রান) এবং বাবর আজম( অপরাজিত ১০৬) শতরান করেন৷ ৮৫ রান করেন পাক ওপেনার ফখর জমানও৷ ৩৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ে৷
এই সফরে একের পর এক রেকর্ড গড়েছে পাক ব্যাটসম্যানরা৷ ভিভ রিচার্ডসকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক এখন পাকিস্তানের ফকহার জামান৷ ওয়ান ডে ক্রিকেটে হাজার রান করতে মাত্র ১৮ ইনিংস সময় নিয়েছেন বাঁ-হাতি ওপোনার৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচে ২০ রান করে হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ফকহার৷ এর আগে সবচেয়ে কম ইনিংসে হাজার রান হাঁকানোর নজির ছিল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের দখলে৷ ২১ ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন ভিভ৷ এছাড়াও ইংল্যান্ডের কেভিন পিটারসন, জোনাথন ট্রট ও দক্ষিণ আফ্রিকার কুন্টন ডি’কক ২১ ইনিংস হাজার রান হাঁকিয়েছেন৷
চলতি সপ্তাহটা যেন সোনার সময় ফকহারের৷ ২০ জুলাই ইতিহাসের পাতায় প্রবেশ করেন পাক এই ব্যাটসম্যান৷শচিন টেন্ডুটকার, রোহিত শর্মাদের সঙ্গে একই আসনে উঠে আসেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান৷ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান ফকহার৷ এর আগে পাকিস্তানের সইদ আনোয়ারের সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড ছিল৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ান ডে-তে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন জামান৷ ১৫৬ বলের ইনিংসে দু’ ডজন বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷
No comments:
Post a Comment