"হিন্দুদের ছাগলের মাংস খাওয়া উচিত নয়" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

"হিন্দুদের ছাগলের মাংস খাওয়া উচিত নয়"




ছাগল দুধ দেয়। সেই দুধ খাওয়া হয়। মহাত্মা গান্ধিও সেই দুধ খেতেন। ছাগলকে মাতা হিসেবে গণ্য করা উচিত। তাই হিন্দুদের উচিত ছাগলের মাংস না খাওয়া। এমনই মন্তব্য করে টুইট করেছিলেন BJP নেতা চন্দ্র বোস। এরপর ওই টুইটের পালটা টুইট করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি লেখেন, ছাগলকে "মাতা" কখনই বলেননি গান্ধিজি। হিন্দুরা একমাত্র গোরুকে "মাতা" বলে মনে করে।
গতকাল একটি টুইটে চন্দ্র বোস লেখেন, "গান্ধিজি প্রায়ই কলকাতায় আমার ঠাকুরদা শরৎচন্দ্র বোসের এক নম্বর উডবার্ন পার্কের বাড়িতে থাকতেন। তিনি ছাগলের দুধ খেতে পছন্দ করতেন। সেকারণে আমাদের বাড়িতে দু’টি ছাগল রাখা হয়েছিল। দুধ খাওয়ার জন্য ছাগলকে মায়ের আসনে বসিয়েছিলেন হিন্দুদের রক্ষাকর্তা গান্ধিজি। তাই হিন্দুদের উচিত ছাগলের মাংস না খাওয়া।"

চন্দ্র বোসের ওই টুইটের জবাব দিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, "গান্ধিজি বা আপনার ঠাকুরদা কেউ কখনও বলেননি ছাগল মাতা। গান্ধিজি বা অন্য কেউ কখনও নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করেননি। আমরা হিন্দুরা গরুকে আমাদের মা বলে মনে করি, ছাগলকে নয়। অনুগ্রহ করে এই ধরনের মত ছড়াবেন না।"

তথাগত রায়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় চন্দ্র বোসের কাছে। নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি। সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চন্দ্র বোস বলেন, "গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। তাহলে ছাগলের মাংস খাওয়াও বন্ধ হোক। কারণ ছাগলের দুধ গান্ধিজি খেতেন। তাই গরুর মতো ছাগলকেও মা রূপে গণ্য করা উচিত।"

এপ্রসঙ্গে তাঁর মন্তব্য, রাজনীতির সঙ্গে ধর্মকে এক করা উচিত নয়।

No comments:

Post a Comment

Post Top Ad