পাকা রাস্তার দাবিতে অভিনব বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার তারকেশ্বর
থানার বালিগোড়ি এলাকায় গ্রামবাসীরা এই বিক্ষোভ দেখান।
এদিন কাঁচা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ
করেন গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, বালিগোড়ি থেকে
ধনেখালি যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা কাঁচা। এলাকার প্রায় সাতটি গ্রামের
মানুষ ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়
সমস্যা বাড়ে। সিপিএমের ৩৪ বছরের শাসনেও ওই রাস্তা হয়নি। তারপর পরিবর্তনের ডাক
দেওয়া হয়েছিল। এরপর রাজ্যে পরিবর্তন এসেছে। কিন্তু, তৃণমূল সরকারের সাত বছর কেটে গেলেও তৈরি হয়নি পাকা রাস্তা। প্রশাসনের কাছে
একাধিকবার আবেদন করেও লাভ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এদিন
রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ দেখান স্থানীয়রা। পাশাপাশি বৈদ্যবাটি রোড অবরোধ করা
হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তারকেশ্বর থানার পুলিশ। অবশেষে পুলিশি
আশ্বাসে অবরোধ উঠে যায়।

No comments:
Post a Comment