পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকায় এগরা কাঁথি রাজ্য সড়কের কেশরকুন্ডা এলাকায় একটি খালে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ।
মৃত যুবকের নাম খোকন শ্যামল (৪৫), তাঁর বাড়ি কাঁথি থানার বড়বড়িয়া গ্রামে। কিন্তু কিভাবে এই মৃত্যু, এর পেছনে কোনও রহস্য রয়েছে কিনা তা নিয়ে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে নাড়দিঘি এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে কেশরকুন্ডার রাস্তার পাশের খালে ওই যুবকের মৃতদেহটি ভাসতে দেখে।
গ্রামবাসীদের থেকে খবর পেয়ে স্থানীয় ভিলেজ পুলিশ শায়েদ আলি খান ঘটনাটি কাঁথি থানায় জানায়। খবর পেয়ে কাঁথি থানার আইসি সুনয়ন বাসু ঘটনাস্থলে চলে আসেন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই ব্যক্তি মদ্যপান করত। কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত মদ্যপানের জেরেই এমনটা হতে পারে। তবে মৃতের শরীরে অল্পবিস্তর আঘাতের চিহ্ন রয়েছে।
তাই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে আজ কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ঘটনার প্রকৃত তদন্ত শুরু হবে।

No comments:
Post a Comment