উচ্চতা বেশি হলে বেতনও বেশি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

উচ্চতা বেশি হলে বেতনও বেশি!


চীনে দীর্ঘকায় ব্যক্তিরা তুলনামূলকভাবে খাটো ব্যক্তিদের চেয়ে বেতন-ভাতা বেশি পাচ্ছেন। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ানে এক প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন দুই ব্যক্তি। এ বছরের শুরুর দিকে তাঁরা চাকরির প্রথম মাসের বেতন পান। কিন্তু দেখা যায়, দুজনের বেতনের পরিমাণ ভিন্ন। একই চাকরিতে তাঁদের বেতনের পরিমাণ ভিন্ন হওয়ার কারণ জানতে চান তাঁরা।
জবাবে ওই কোম্পানি ওই দুই কর্মীকে জানায়, তাঁদের একজন আরেকজনের চেয়ে পাঁচ সেন্টিমিটার লম্বা। ১৮০ সেন্টিমিটারের চেয়ে বেশি লম্বা কর্মীরা বেশি বেতন পান। কারণ উঁচু নিরাপত্তাকর্মীদের লোকজন অধিক নিরাপদ মনে করে।
দ্য ইকোনমিস্ট পত্রিকায় ‘হাইট ডিসক্রিমেনাশন দ্য রাইজ অব চায়না’ শীর্ষক এক প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তাকর্মীদের বেলায় শারীরিক উচ্চতা বেশি রয়েছে, এমন লোক চাওয়া হয়। কিন্তু চীনে যেসব কাজের জন্য উচ্চতার প্রয়োজন নেই, এমন কাজের জন্যও একটি নির্দিষ্ট উচ্চতা চাওয়া হচ্ছে।
চীনের ফুজিয়ান প্রদেশের হুয়াকিয়াও বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ের এক সমীক্ষায় দেখা যায়, চাকরির ক্ষেত্রে ১৭০ সেন্টিমিটারের বেশি লম্বা পুরুষ এবং ১৫৮ সেন্টিমিটারের বেশি নারীদের বেশি নেওয়া হয়।
চীনের রাজধানী বেইজিংয়ে নারী পরিচ্ছন্নতাকর্মীর জন্য বিজ্ঞাপনে আবেদনকারীর উচ্চতা ন্যূনতম ১৬২ সেন্টিমিটার হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। অনেক কোম্পানি আবার উচ্চতার ব্যাপারটি সরাসরি প্রকাশ করে না। কিন্তু তারা জীবনবৃত্তান্তে উচ্চতা ও ওজন উল্লেখ করতে বলে।
মেয়েদের জন্য লম্বা হওয়াটা তো আশীর্বাদস্বরূপ। হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা যায়, মধ্য ও উচ্চ আয়ের নারীদের গড় উচ্চতার চেয়ে প্রতি সেন্টিমিটার বেশি উচ্চতার জন্য বেতন ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ২ শতাংশ বেড়ে যায়।
ইকোনমিস্টের প্রতিবেদনের দাবি, চীনে ধনী শহরের ১৮ বছর বয়সী এক তরুণ গরিব শহরের এক তরুণের তুলনায় গড়ে সাত-আট সেন্টিমিটার লম্বা। এমনকি সম্পদশালী এবং দারিদ্র্যপীড়িত গরিব গ্রামাঞ্চলে পর্যন্ত এমন পার্থক্য রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad