৩ শিশুকে বিক্রির কথা স্বীকার করলেন রাঁচির মিশনারিজ়
অফ চ্যারিটির ধৃত নান- সিস্টার কোনসালিয়া। অপর এক শিশুকে নিখরচায় এক দম্পতিকে
দত্তক দেওয়া হয়েছে। তাঁর এই স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল ঝাড়খণ্ড পুলিশ।
মিশনারিজ় অফ চ্যারিটির এই শাখা থেকে শিশু বিক্রির অভিযোগে সিস্টার কোনসালিয়া এবং
অনিমা ইন্দওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতদের ৪দিন পুলিশ হেপাজতের নির্দেশ
হয়েছে আদালত।
সম্প্রতি ঝাড়খণ্ডের জেল রোডের মিশনারিজ় অফ চ্যারিটি
শাখা থেকে শিশু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। হোমের এক
কিশোরীর সদ্যোজাতকে উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে "বিক্রি"র অভিযোগে
সিস্টার কোনসালিয়াকে গ্রেপ্তার করা হয় ৫ জুলাই। ইন্দওয়ারকে ৪ জুলাই গ্রেপ্তার করা
হয়েছিল। বিক্রি হওয়া এক শিশুকে বুধবার সিমডেগা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন রাঁচির বিশপ থিওডোর
মাসকেরেনহাস। এবং তদন্তপ্রক্রিয়ার সমালোচনা করেন। এমনকী চার্চের পক্ষ থেকে
অভিযুক্ত নানকে নির্দোষ বলে দাবি করা হয়। পুলিশ চাপ দেওয়ায় তিনি এই স্বীকারোক্তি
দিতে বাধ্য হয়েছেন বলে নিজের আইনজীবীদের জানিয়েছেন ওই নান। এরই মধ্যে শিশু বিক্রির
চক্রের সঙ্গে নানের জড়িয়ে থাকার স্বীকারোক্তি সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আজ
প্রকাশ্যে আনে পুলিশ।

No comments:
Post a Comment