উত্তর প্রদেশে কোনো মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি- তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টনমন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। সোমবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বিরোধীদের উদ্দেশে তিনি ওই মন্তব্য করেন।
রামবিলাস পাসোয়ান বলেন, ‘একবার বিহারে আমার সুযোগ এসেছিল, আমি মুসলিম মুখ্যমন্ত্রী করার জন্য সুপারিশ করেছিলাম কিন্তু লালুপ্রসাদ যাদব (আরজেডি প্রধান) তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন। মুসলিমদের বলতে চাই, আপনাদের বিজেপি’র ভয় দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের স্পষ্ট বুঝতে হবে আপনারা কী ‘বন্ডেড লেবার’? আপনারা সরকারের সামনে আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরুন এবং তারপরে কোনো দল সম্পর্কে সিদ্ধান্ত নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ কী কখনো বলেছেন যে ‘রাম মন্দির’ কোথায় হবে? বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।’রামবিলাস পাসোয়ান উত্তর প্রদেশের বিরোধী নেতা ও দলকে টার্গেট করে বলেন, ‘মুসলিমরা কী ‘বন্ডেড লেবার’ যে তারা কেবল মুলায়ম সিং যাদব (সমাজবাদী পার্টি), অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), মায়াবতী (বহুজন সমাজ পার্টি) বা কংগ্রেসকে ভোট দেবেন? উত্তর প্রদেশে মুসলিমদের অনেক বড় জনগোষ্ঠী রয়েছে। এজন্য তারা কেবল মুসলিমদের ভোট চান। উত্তর প্রদেশে কেন এতদিন কোনো মুসলিমকে মুখ্যমন্ত্রী করা হয়নি? এরকম বিহারেই বা হয়নি কেন?’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক বলেন, ‘এটা রামবিলাস পাসোয়ানের ‘মায়াকান্না’। বিজেপি’র শরিকদলের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় হওয়ার চেষ্টা করছেন। কারণ, মন্ত্রিসভায় টালমাটাল চলছে, তিনি যাতে ভালো পদ পান সেজন্য তাকে খুশি করার চেষ্টা করছেন। আর বিজেপি তো কোনো মুসলিম প্রার্থী গুজরাট, উত্তর প্রদেশ বা বিহারেও করেনি। পশ্চিমবঙ্গ তো দূরের কথা। তাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি লোকসভা বা বিধানসভায় নেই, যিনি জন্মসূত্রে মুসলিম। সুতরাং সবকিছুর আগে রামবিলাস পাসোয়ানের প্রশ্নটা করা উচিত নরেন্দ্র মোদিকে, মোহন ভাগবত এবং যোগি আদিত্যনাথকে যে, তারা কেন সংবিধান মানছেন না এবং চরম বৈষম্য করছেন মুসলিমদের প্রতি। তারপরে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, না হবেন তা নিয়ে কথা বলবেন। আগে নিজের ঘর দেখুন, তার পরে অন্যের ঘরের দিকে তাকাবেন। কাঁচের ঘরে বাস করে রামবিলাস পাসোয়ান যেন অন্যের ঘরে ঢিল না মারেন। এ নিয়ে তিনি সতর্ক হলেই ভালো।’
ড. ইমানুল হক বলেন, ‘পাসোয়ানের অবগতির জন্য জানাই, এরআগে কংগ্রেসের আমলে বিহারে আব্দুল গফুর নামে একজন মুসলিম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মহারাষ্ট্রে আব্দুল রহমান আন্তুলে মুখ্যমন্ত্রী হয়েছেন, অসমে সাইয়্যেদা আনোয়ারা তৈমুর মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজস্থানে বরকতউল্লাহ খান মুখ্যমন্ত্রী হয়েছেন।’ এরা সকলেই বিভিন্ন সময়ে কংগ্রেস শাসনামলে কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলেও ড. ইমানুল হক উল্লেখ করেন।

No comments:
Post a Comment