রাজ্যে সেরা স্কুল মালদার অক্রূরমণি করোনেশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

রাজ্যে সেরা স্কুল মালদার অক্রূরমণি করোনেশন


অর্ক রায়, মালদা : রাজ্যে বহু স্কুলকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে আনলো   মালদার অক্রূরমণি করোনেশন স্কুল।পঠনপাঠন, পরিকাঠামো ছাড়াও অন্যান্য সমস্ত দিক  বিচার করে রাজ্যে শীর্ষস্থান অধিকার করল মালদার অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশন। বুধবার,এদিন একথা জানান মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক তাপসকুমার বিশ্বাস। স্বাভাবিকভাবেই বেশ উৎফুল্ল স্কুলের শিক্ষক সহ পড়ুয়ারা। ছাত্রদের সহ শিক্ষকদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রাক্তন ছাত্র সহ জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক এর পক্ষ থেকে জানানো  হয়েছে,  সারা রাজ্যে ১১টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে মালদার অক্রূরমণি স্কুল। বিদ্যালয়ের পঠনপাঠন ছাড়াও পরিকাঠামোতে অন্যান্য স্কুলকে ছাপিয়ে গিয়েছে মালদার এই স্কুল। এটি সত্যিই জেলাবাসীর কাছে ভীষণ গর্বের। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অক্রূরমণির ফল ছিল চোখে পড়ার মতো হয়। এবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বেশ ভালো হওয়ায় বিদ্যালয়ের মান অনেক বেড়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চলকুমার ঝাঁ এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রদের দিয়েছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাদানের প্রশংসাও করেন। বিদ্যালয়ের একজন সহ শিক্ষক  বলেন, শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে তাঁরা এই খুশির খবর জানতে পারেন। রাজ্যের ১১টি স্কুলকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল। সেখানে প্রথম স্থানে রয়েছে মালদার অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশন। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে হুগলির মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এবং পুরুলিয়ার রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ। এছাড়াও তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, হুগলির চূঁচূড়া বালিকা বাণীমন্দির, নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, হাওড়ার শিবপুর বিই কলেজ মডেল হাইস্কুল, কলকাতার সিস্টার নিবেদিতা গার্লস স্কুল. ব্যারাকপুরের রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ও মুর্শিদাবাদের বহরমপুর জেএন অ্যাকাডেমি। সম্ভবত আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে প্রথমসারির স্কুলগুলিকে পুরস্কৃত করা হবে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অরিন্দম সাহা জানান, বিদ্যালয়ের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। তাঁরা সবসময় বিদ্যালয়ের পাশেই রয়েছেন। বর্তমান পড়ুয়াদের শুভেচ্ছা ও শিক্ষকদের কৃতজ্ঞতাও জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad