নিজস্ব প্রতিনিধি , ভাঙড় : ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনের জেরে জনতা পুলিশের খন্ড যুদ্ধে নিহত পরিবারের হাতে মোটা অঙ্কের আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার।
সোমবার পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ভবনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙড় ২ এর বিডিও কৌশিক কুমার মাইতি ভাঙড় আন্দোলনের নিহত ও আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এদিনের এই আর্থিক সহায়তা পেয়ে স্বভাবতই খুশি নিহতের পরিবার ও আন্দোলন কারিরা।
প্রশাসন সূত্রে খবর, ১৭ ই জানুয়ারি ২০১৭ সালে জনতা পুলিশের খন্ডযুদ্ধে নিহত হন কলেজ ছাত্র আলমগীর মোল্লা ও দিনমজুর মোফিজুল ইসলাম। এদিন তাদের পরিবারের হাতে ৮ লক্ষ টাকা মূল্যের চেক তুলে দেওয়া হয়।
এর পাশাপাশি গুলিতে আহত শ্যামনগরের যুবক আকবর আলি মোল্লা, মাছভাঙার গৃহবধূ ফতেমা বিবি এবং পুলিশের লাঠিতে গুরুতর জখম হয়ে মৃত খামারআইট এর বাসিন্দা ময়ূরজান বিবির পরিবারের লোকেদের হাতে ২ লক্ষ করে টাকার চেক দেন বিডিও। চেক পেয়ে মোফিজুলের মা রবিজান বিবি কান্না চেপে রাখতে পারেননি। তিনি জানান, টাক দিয়ে কি আর ওই ক্ষতি পূরণ মিটবে? অবশ্য এলাকায় শান্তি ফিরুক সেটা আমরা চাই। এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়ে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দিচ্ছে। এতে গ্রামের মানুষ খুশি।

No comments:
Post a Comment