নিজস্ব প্রতিনিধি :সিভিক পুলিশের তুলির টানে সেজে উঠছে রেল পুলিশের শিশু বান্ধব কক্ষ ।ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনের জি আর পি থানায়।
জানা গিয়েছে, ওই সিভিক পুলিশ নিজে হাতে রং ও তুলি দিয়ে ওই কক্ষকে শিশুদের প্রিয় রঙিন ছবি এঁকে সাজিয়ে তুলেছে। রেল পুলিশের এই থানার শিশু বান্ধব কক্ষটি চোখ ধাঁধানো সুন্দর সুন্দর রঙীন ছবিতে ভরা। আর সেই কৃতীত্বের অধিকারি থানার এক সিভিক পুলিশ। নাম গৌর শংকর মণ্ডল। গৌরের বাড়ি জয়নগরের নিমপীঠ এলাকার সাহাজাদাপুরে। কোন প্রশিক্ষণ ছাড়াই শুধু চোখের দেখা দেখেই গৌরের আঁকা শেখা। আর তার সেই আঁকাই এখন জায়গা পেয়েছে রেল পুলিশের শিশু বান্ধব কক্ষে। একটানা প্রায় ২৫ দিনের চেষ্টায় শিশুদের জন্য আঁকা নানা রকম ছবিতে গৌর ভরিয়ে তুলেছে ঘর। কোন শিশু থানায় আসলে তাকে থানার লক আপ বা বন্দুকধারী পুলিশের সামেন রাখার কথা নয়। এতে শিশু মনে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়। তাই দেশের উচ্চ আদালতের নির্দেশে প্রত্যেক থানায় শিশু বান্ধব কক্ষ তৈরি করতে বলা হয়েছে। বারুইপুর জি আর পি থানায় কোন শিশু আসলে তাকে শিশু বান্ধব ঘরেই বসানোর ব্যবস্থা করেছে রেল পুলিশ। আর সেই ঘরকে সাজিয়ে তুলেছে সিভিক পুলিশ গৌর শংঙ্কর।

No comments:
Post a Comment