"দিলীপ ঘোষের কথা নিয়ে আমি ভাবি না। ওকে একটা "অ আ ক খ"-র বই দিতে হবে। ও একজন আধা বাঙালি। তাই বাংলা কথা ঠিক বলতে পারে না।" কল্যাণীতে আদিবাসী উৎসবে যোগ দিতে এসে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, "বাংলার সংস্কৃতিটা কী, ও জানে না। যেসব মনীষীদের কথা বলে, সেটা নিজের জীবনে কাজে লাগায় না।"NRC ইস্যুতে BJP-কে আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কেন্দ্রে একটা দানবিক ও গায়ের জোরের সরকার চলছে। জোর করে ভারতীয়দের নাম বাদ দিতে চাইছে। বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।" আরও বলেন, "বিজেপি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে রাজ্যে পাঠাচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আটকে রাখা যায়। তিনি যাতে অন্যত্র সময় দিতে না পারেন। সেই চেষ্টা চলছে। কিন্তু, তাতে কোনও লাভ হবে না।"
ডিস্টেন্স এডুকেশনের অ্যাফিলিয়েশন থেকে বাদ গেছে রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের নাম। এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ছ'টি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা পাঠক্রম চালু ছিল। তার মধ্যে চারটির অনুমোদন বাতিল করে দেওয়ায় পড়ুয়ারা চরম উৎকণ্ঠার মধ্যে পড়েছে। দিল্লিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে বিবেচনার জন্য ওই চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন তিনি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর মারফত কেন্দ্রে চিঠি পাঠাবেন বলে জানান। পার্থবাবুর অভিযোগ, পশ্চিমবঙ্গ যখন শিক্ষায় অগ্রগতি করছে তখন তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

No comments:
Post a Comment