অর্ক রায়, মালদা, ১৪ অাগষ্ট : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের জেলেপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গ্রামবাসীর নাম, গোপাল মন্ডল(৩০)। বাড়ি ওই গ্রামে। জানা গিয়েছে, নতুন করে একটি ট্রান্সফরমার বসানোর কাজ চলছিল। সেই সময় বিদ্যুৎ দপ্তরের লোকেরা গাছের ডাল কাটতে বলে। গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয় ওই যুবক। আহত অবস্থায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।
জানা গিয়েছে মুখের মধ্যে একটি ধারালো হাসুয়া নিয়ে গাছ কাটার জন্য গাছে উঠে ওই যুবক। সেই সময় লোহার হাসুয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হতেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই যুবক। এই ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবক, এমনকি তার দুই পাটির দাত ভেঙে যায় সেই সময়। জানা গিয়েছে বিদ্যুতের সমস্যা নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিল গ্রামবাসীরা। গত দুইদিন আগে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পরে নতুন করে কাজ করার উদ্যোগ নেয় বিদ্যুৎ দপ্তর। সেই সময়ে এই ঘটনা বলে অভিযোগ।
তবে কি কারণে ওই যুবকের মৃত্যু তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

No comments:
Post a Comment