বেশ কিছুদিন আগেই আত্মজীবনী প্রকাশের ঘোষণা দিয়েছেন ইমরান খানের দ্বিতীয় সাবেক স্ত্রী রেহাম খান। বইটি এখন পর্যন্ত প্রকাশ না হলেও ইতোমধ্যে ফাঁস হয়েছে প্রকাশিতব্য বইটির পাণ্ডুলিপি। ‘রেহাম খান’ শীর্ষক আত্মজীবনীমূলক এই বইয়ের পাণ্ডুলিপি ফাঁস হওয়ায় বেশ বিপাকেই পড়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে নাম লেখান ইমরান। বর্তমানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। ক্রিকেটের পর রাজনীতিবিদ হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। কিছুদিন আগে আত্মজীবনীমূলক বইয়ের ফাঁস হওয়া পাণ্ডুলিপি থেকে জানা যায়, যৌন সুবিধা নিয়ে দলের (পিটিআই) নারীদেরকে উচ্চ পদে বহাল করেন ইমরান খান। এই রেশ না কাটতেই ওই বইসূত্রে এবার জানা গেল, সাবেক এই পাকিস্তানি অধিনায়ক ‘সমকামী’।
আত্মজীবনীতে রেহাম খান দাবি করেন, ইমরান খান একজন সমকামী। পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতা মুরাদ সৈয়দের সঙ্গে সাবেক এই পাকিস্তানি অধিনায়কের দীর্ঘদিন ধরে ‘শারীরিক সম্পর্ক’ ছিল। এমনকি দলের অন্যান্য সদস্যের সঙ্গে ইমরান খানের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলেও আত্মজীবনীতে দাবি করেন রেহাম।
সাবেক স্ত্রীর এমন অভিযোগে আগের মতোই চুপ থেকেছেন ইমরান খান। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি ইমরান খান ও অভিনেতা হামজা আলি আব্বাসি। তারা দুজন মুখ না খুললেও অভিযোগ অস্বীকার করেন পিটিআই নেতা মুরাদ সৈয়দ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় রেহাম খানের দাবি উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেগেছেন তিনি।
মুরাদ লিখেন, ‘এখানে আমাকে জড়িয়ে এবং বাকিদের সম্পর্কে রেহাম খান যা লিখেছেন তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এর নিন্দা করার মতো ভাষাও আমার নেই। তবে এটা খুব পরিষ্কার যে, রেহাম কারও দ্বারা পরিচালিত হচ্ছেন। তার দলবল একেবারে দিশাহীন হয়ে পড়েছে।’
ইমরান-রেহামের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল ১০ মাস। ২০১৫ সালের জানুয়ারিতে রেহাম খানকে বিয়ে করেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। ওই বছরের অক্টোবরেই ভেঙে যায় তাদের সংসার। এবার সেই স্ত্রীর কারণেই নির্বাচনের আগ মুহূর্তে একের পর এক বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

No comments:
Post a Comment