নিয়ম ভেঙে জরিমানা দিতেই হল প্রধানমন্ত্রীকে৷ দিব্যি খোলা হাওয়ায় আরাম করে স্কুটি চালাচ্ছিলেন৷ হাঁ করে সবাই তাকিয়ে দেখছিল৷ সেই ছবি প্রকাশিত হতেই বিতর্ক৷ পুলিশি তলব৷ অগত্যা থানায় হাজিরা দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তখনই সোজা চালান বই বের করে খসখস করে জরিমানার রসিদ কেটে হাতে ধরিয়ে দেওয়া হল৷ আইন তো তাঁকে ছাড় দেবে না৷ নিয়ম মেনে ১৫ হাজার রিয়াল (২৫৫ টাকা) বেরিয়ে গেল প্রধানমন্ত্রীর পকেট থেকে৷ জরিমানা দিয়ে এ যাত্রা মুক্তি পেলেন খোদ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন৷
জানা গিয়েছে, গত ১৮ জুন কোনহ কোং গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী৷ গ্রাম্য রাস্তায় হেলমেট ছাড়াই স্কুটি চালিয়েছিলেন৷ সেই ছবি দেশের সব সংবাদপত্রসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়৷ বিতর্ক উসকে ওঠে৷ যদিও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর যুক্তি, বাইক চালানোর কোনও ইচ্ছেই ছিল না৷ তিনি জানান, গ্রাম পরিদর্শনের সময় কিছুটা খেয়াল বসত সরকারি গাড়ি থেকে নেমে স্থানীয় এক মোটর মেকানিকের কাছে গিয়েছিলাম৷ তার বাইকটি নিয়ে কিছুটা পথ ঘুরেছি৷ সঙ্গে ওই মেকানিকও ছিল৷
তিন দশক ক্ষমতায় রয়েছে কম্বোডিয়ান পিপলস পার্টি৷ দলটির প্রধান নেতা হুন সেন৷ সেই ১৯৭৯ সাল থেকে দলটি দেশ শাসন করছে৷ বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী শাসক দলের মর্যাদাও পাচ্ছে। তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক সময় দক্ষিণ পূর্ব এশিয়ার তৎকালীন কাম্পুচিয়ায় (বর্তমান কম্বোডিয়া) মার্কসবাদ-লেনিনবাদের মতাদর্শ তুলে দিয়ে সহ একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে৷
জরিমানা দেওয়ার পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন জানান, আইন মানতে সবাই বাধ্য৷ আমার ঘটনা একটি উদাহরণ হয়েই থাকবে৷

No comments:
Post a Comment