১৯৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অনন্য এক কীর্তি গড়েছিলেন স্তানিসলাভা ওয়ালাসিভস। পোল্যান্ডের এই অ্যাথলেট মেয়েদের ১০০ মিটারে সময় নিয়েছিলেন ১১.৯ সেকেন্ড, যেটি ছিল ওই সময়ের বিশ্ব রেকর্ড। পরের অলিম্পিকে একই ইভেন্টে জেতেন রুপা। তবে ১৯৮০ সালে ওয়ালাসিভসের মৃত্যুর পর জানা যায়, তিনি আসলে মেয়েই ছিলেন না!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যাওয়ার পর ওয়ালাসিভস পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকত্ব নেন ১৯৪৭ সালে। এরপর বিয়ে করেন মার্কিন নিল অলসনকে। যদিও তাঁদের বিয়েটা বেশি দিন টেকেনি।
অলিম্পিকে সোনা জয়ের ৪৮ বছর পর ঘটে ঘটনাটি। ১৯৮০ সালের ৪ ডিসেম্বর ওহিহোর ক্লেভেল্যান্ডে সশস্ত্র ডাকাতির সময় খুন হন ওয়ালাসিভস। তাঁর লাশের ময়নাতদন্তে বেরিয়ে আসে বিস্ময়কর এক তথ্য—ওয়ালাসিভস মেয়ে নন! নিবিড় তদন্তের পর জানা যায় আরও বিস্তারিত। তিনি আসলে মেয়েও ছিলেন না, ছেলেও ছিলেন না। ওয়ালাসিভস ছিলেন উভলিঙ্গ। তাঁর লিঙ্গ নিয়ে বিতর্কের অবসান হয়নি আজও। অনেকের অবশ্য দাবি, তিনি মেয়েই ছিলেন। তাঁর জীবনের শুরুর দিকের কাগজপত্র, জন্মনিবন্ধন সেটিই বলে। আবার কেউ বলেন, যার লিঙ্গ নিয়ে এত বিতর্ক, তার সব অর্জন-রেকর্ড মুছে ফেলা উচিত।

No comments:
Post a Comment