অর্ক রায়, মালদা : কাজের বকেয়া মজুরি চাইতে গিয়ে ঠিকাদার ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দুই শ্রমিক সহ তাঁদের পরিবারের আরও দুই সদস্য। এঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ধারারা গ্রামে। এই ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় মৌখিক অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এদিনই লিখিত অভিযোগ দায়ের করা হবে।
ধারারা গ্রামের বাসিন্দা রব্বুল শেখ। তিনি এবং তাঁর ৩ ছেলে নাসিরুল শেখ, সাবিরুল শেখ ও খাসিনুর শেখ পেশায় শ্রমিক। বছর দুয়েক আগে তাঁর দুই ছেলে সাবিরুল ও খাসিনুর ভিন রাজ্যে কাজ করতে যান। ঠিকাদার ছিল এলাকারই দুই ব্যক্তি রিন্টু শেখ ঈ মোক্তার শেখ। রব্বুল সাহেবের বিবি আলিয়া বিবি বলেন, সেই কাজের মজুরি বাবদ ১৫ হাজার ৫০০ টাকা রিন্টু ও মোক্তারের কাছে পেত তাঁর দুই ছেলে। কিন্তু দুই বছর ধরে আজ দেব, কাল দেব বলে ঘোরাচ্ছিল ওই দু'জন। গতকাল রাতে তাঁদের গ্রামে ধর্মীয় জালসার আসর বসেছিল। সেখানে রিন্টু আর মোক্তারকে দেখতে পেয়ে খাসিনুর (২০) ফের তাদের কাছে বকেয়া টাকা চাইতে যায়। তখনই ওই আসর থেকে বাইরে টেনে নিয়ে গিয়ে লাঠি, বাঁশ, ইট দিয়ে তাঁর ছেলেকে বেধড়ক মারধর করে রিন্টু, মোক্তার সহ তাদের দলবল। খবর পেয়ে তাঁর শওহর ও বাকি দুই ছেলে ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও মারধর করে রিন্টুরা। এরপর সেখানে আরও লোকজন জমে গেলে তারা চলে যায়। আহত খাসিনুরকে নিয়ে তাঁরা কালিয়াচক থানায় যান। গোটা ঘটনা পুলিশকে খুলে বলেন৷ কিন্তু পুলিশ আগে খাসিনুরের চিকিৎসা করানোর পরামর্শ দেয়। রাতেই তাঁরা ছেলেকে মালদা মেডিকেলে ভর্তি করেন। এদিন তাঁরা এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন৷ তিনি বিচার চান।

No comments:
Post a Comment