কয়েকদিন আগের ঘটনা। কোরবানির ঈদ উপলক্ষে অফিসে বোনাস দেওয়া হচ্ছে। বোনাসের মধ্যে দিয়েই যেন অফিসে ঈদের বাতাস এলো। ঈদ বোনাস পকেটে নিয়ে ডেস্কে বসতেই পাশ থেকে সহকর্মীর ডাক। ‘রহমান আপনি গরু না ছাগল?’ হঠাৎ এমন প্রশ্ন শুনে যে কারও মেজাজ চড়ে যেতে বাধ্য। কিন্তু রহমান সাহেব বিস্মিত। মুখ ফসকে বেশ উঁচু স্বরেই বলে ফেলছেন, আমি গরু ছাগল কোনোটিই না, মানুষ। সহকর্মী এবার হাসিমুখেই বলল, ভাই, কোরবানিতে কি দিচ্ছেন? এবার রহমান সাহেবের গলার স্বরও নেমে আসল, তাই বলেন। এখনো ঠিক করিনি। হাটে গিয়ে ঠিক করব।
কোরবানিতে কি কোরবানি দিচ্ছেন? অথবা গরু নাকি ছাগল কোরবানি দিচ্ছেন? অথবা গরু নাকি ছাগল? এমন প্রশ্ন করে স্বাভাবিকভাবেই একজনের কোরবানির পশু সম্পর্কে জানা যায়। কিন্তু আমরা বাঙালিরা বরাবরই অন্যকে যন্ত্রণা দিয়েই কথা বলতেই যেন ভালোবাসে। কথার মধ্যে রসকষ মেশাতে চাই। এরই ফলশ্রুতিতে এমন প্রশ্ন আসে অনেকের কাছে, আপনি গরু না ছাগল? আর প্রশ্নটি করার সময় অনেকে স্বরটি এমন রাখেন যেন কেউ রাগতে বাধ্য হয়।
কোরবানির আসলেই, ‘গরু নাকি ছাগল?’ প্রশ্নটি বহুল প্রচলিত বাক্যে পরিণত হয়। সহকর্মী, বন্ধু, স্বজন কারও সঙ্গ কারও দেখা হলেই এই প্রশ্ন ওঠে। এরপর অন্য প্রসঙ্গ।
গরু না ছাগল? প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি গল্প না বললেই নয়। কোনো একবার এক ভদ্রলোক কোরবানির পশুর হাটে গিয়েছিলেন ছাগল কিনতে? তবে কোরবানির বাজার এতটাই সস্তা ছিল যে ছাগলের দামের সঙ্গে কিছু যোগ করে ছোট আকৃতির গরুই কিনে নিয়ে আসলেন তিনি। তখন মোবাইলের যুগ ছিল না। তাই স্বভাবতই বাড়ির কেউ গৃহকর্তার ছাগল কিনতে গিয়ে গরু কেনার তথ্য আগাম পায়নি। রাতে গরু কিনে বাসার সামনে রেখেছিলেন গৃহকর্তা। সকালে ঘুম থেকে উঠে বাড়ির মেয়েটি বাসার সামনে গরু বাঁধা দেখে অবাক। প্রশ্ন করে বসল, বাবা আমাদের ছাগল কোথায়? বাবা মজা করেই বললেন, মা, আমাদের ছাগল তো গরু হয়ে গেছে। ভেবেছিলেন এখানেই শেষ। কিন্তু না মেয়ের মারফত পাড়ায় তাঁর বন্ধবীরা জানল। সেখান থেকে আরও অনেকে। গল্পে অনেক ডালপালা গজাল। সেদিন বিকেলেই একের পর এক মানুষ আসার শুরু করল। সবার উৎসুক দৃষ্টি, এই বাড়িতে নাকি একটি ছাগল রাতারাতি গরুতে পরিণত হয়েছে। অনেকে তাই দেখতে এসেছেন এক নজর। একজন তো বলেই বসল, এমন গরু কোরবানি দেওয়া ঠিক নয়। গৃহকর্তা পড়লেন মহাবিপদে। মানুষকে বোঝাতে বেশ বেগ পেতে হলো আসলে তিনি গরুই কিনেছেন। কারণ এসময় দুএকজন এলাকাবাসীকেও পাওয়া গেল যারা স্বচক্ষে দেখেছে তিনি রাতে ছাগল কিনে এনেছে। কোরবানির পরও বহুদিন গৃহকর্তাকে তাঁর ছাগল গরুতে পরিণত হওয়ার প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
No comments:
Post a Comment