মাথায় চুল নেই, তবু খুশি সোনালি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

মাথায় চুল নেই, তবু খুশি সোনালি!

মাথায় চুল নেই, তবু খুশি সোনালি!
মুম্বাই, ০৬ আগস্ট- সারা বিশ্বে বন্ধু দিবসের আবহ। আর এ সময়ই সোনালি বেন্দ্রে কাছে পেলেন বন্ধু সুজান খান ও গায়ত্রী জোশিকে। বান্ধবীদের নিয়ে উচ্ছল ছবিও দিয়েছেন সামাজিক মাধ্যমে। কিন্তু এ কি? সোনালির মাথায় একটি চুলও নেই!
দুই দিন আগেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বেহেল জানান, কেমোথেরাপি নেওয়া শুরু করেছেন সোনালি। গত মাসেই খবরটা শুনেছে সারা বিশ্ব। সোনালির শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। আর চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন সোনালি।
আজ রোববার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনালি। সেখানে দেখা যায় তাঁর মাথায় কোনো চুল নেই। এ নিয়ে সোনালি লেখেন, ‘এটাই আমি। এ মুহূর্তে আমি সত্যিই খুশি। মানুষ যখন এই বদলে যাওয়া চেহারা নিয়ে বলে, আমি বলি, এটাই সত্য। কেন? তা বলছি। আমি এখন প্রত্যেক মুহূর্তের দিকে মনোযোগী, আনন্দের জন্য প্রতিটি সুযোগ লুফে নিই। হুম, অনেক যন্ত্রণার মুহূর্ত আছে, কিন্তু আমি তা-ই করছি, যা আমি পছন্দ করি। সেসব মানুষকে সময় দেই, যাঁদের ভালোবাসি এবং ভালোবাসা ও সুখ অনুভব করি।’
বিশেষ এ দিনে বন্ধু সুজান ও গায়ত্রীকে কাছে পেয়ে সোনালি লেখেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ বন্ধুদের প্রতি, যাঁরা আমার শক্তির ভিত্তি।’
ছবিটি তুলে দিয়েছেন কিন্তু আরেক বিখ্যাত মানুষ। তিনি বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। তিনি সুজান খানের সাবেক স্বামী। তবে শোনা যাচ্ছে আবারও বিয়ে করবেন তাঁরা।
সোনালি বেন্দ্রে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি বিয়ে করেন পরিচালক গোল্ডি বেহেলকে। সোনালি ভারতীয় মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তামিল, তেলেগু, মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে ‘আগ’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয়যাত্রা শুরু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad