২০০৪ সাল। SAARC সামিটে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ি। আজও সেই ঘটনাকে ভারত-পাকিস্তানের সম্পর্কে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হয়। SAARC সামিটের পরেই ভারত সরকারের সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের সঙ্গে সিরিজ় খেলার জন্য পাঠানো হয়। ২০০৪ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে ম্যাচের সিরিজ় খেলতে যায় ভারত। এই ক্রিকেট কূটনীতির জেরে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ি ভারতের পাশাপাশি পাকিস্তানেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন।
জানা গেছে, ভারতীয় দল সেসময় সিরিজ় খেলতে পাকিস্তানে পৌঁছালে তাঁদের দারুণভাবে স্বাগত জানানো হয়। সেই সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করাচিতে ভারতীয় দল পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুধারে সাধারণ মানুষ সার বেঁধে দাঁড়িয়েছিলেন। ভারতীয় দলকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁরা অটল বিহারী বাজপেয়ির সমর্থনেও স্লোগান দিচ্ছিলেন। যা পাকিস্তানের মাটিতে এক অভূতপূর্ব ঘটনা। এই ঘটনা ভারতীয় ক্রিকেট দলকেও যথেষ্ট অবাক করেছিল।পাকিস্তান থেকে সিরিজ খেলে ফেরার পর ভারতীয় ক্রিকেট দল যখন বাজপেয়ির সঙ্গে দেখা করেন, তখন সেই বিষয়টির উল্লেখ করেছিলেন দলের এক সদস্য। ঘটনাটি শুনে রসিক বাজপেয়ি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলেছিলেন, "তাহলে পাকিস্তানেও ভোটে দাঁড়ালে সহজে জিতে যাব!"

No comments:
Post a Comment