অর্ক রায়, মালদা : গরু নিয়ে ঝামেলার জেরে একই পরিবারের দুই সদস্য সহ কয়েকজনের উপর হামলা চালানোর অভিযোগ উঠল গরু বিক্রেতার বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের রাজ্যটোলা গ্রামে৷ এই ঘটনায় ৩ জন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় রাতেই আহতদের পক্ষ থেকে ৫ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি৷
জানা যায়, রাজ্যটোলা গ্রামের বাসিন্দা বপন ঘোষ৷ তাঁর জামাইবাবু ধনঞ্জয় ঘোষও একই গ্রামে থাকেন৷ মাস ছয়েক আগে তাঁরা গ্রামের এক বাসিন্দা সামিরুল শেখের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকায় একটি গোরু কেনেন৷ অভিযোগ, বিক্রির সময় সামিরুল জানিয়েছিল, গরুটি প্রতিদিন ৫ কিলো করে দুধ দেবে৷ কিন্তু সেটি দিনে ২ কিলোর বেশি দুধ দিচ্ছিল না৷ তাই কয়েকদিন পরেই ধনঞ্জয়বাবু সামিরুলকে গোরুটি ফেরত দিয়ে আসেন৷ তিনি গরুর দামও ফেরত চান৷ কিন্তু আজ দেব, কাল দেব বলে সামিরুল তাঁকে ঘোরাতে থাকে৷ সোমবার টাকা ফেরত দেবে বলে সামিরুল তাঁদের নিজের বাড়িতে ডাকে৷ সেই মতো তার বাড়িতে যান ধনঞ্জয় ঘোষ, বাপন ঘোষ, লাকাই ঘোষ সহ ৪-৫ জন৷ অভিযোগ, বাড়িতে ঢুকতেই সামিরুল দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালায়৷ তাদের হামলায় ধনঞ্জয়, বাপন, লাকাই আহত হন৷ তাঁরা কোনওরকমে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে যান৷ সেখানে ধনঞ্জয় ও লাকাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ তবে বাপনের আঘাত গুরুতর থাকায় তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়৷ সেই অবস্থাতেই বাপনকে নিয়ে বৈষ্ণবনগর থানায় নিয়ে যান ধনঞ্জয়রা৷ পুলিশও তাঁকে দ্রুত মেডিকেল নিয়ে যাওয়ার পরামর্শ দেয়৷ এই ঘটনায় রাতেই ধনঞ্জয়রা সামিরুল সহ ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন৷ গভীর রাতে বাপনকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন৷

No comments:
Post a Comment