মালদা, ১৩ সেপ্টেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে আত্মীয়দের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বামনগ্রাম অঞ্চলের পাহাড়পুর গ্রামে৷ আক্রান্তরা হলেন শেখ আজিজুল (৪২) ও শেখ রাজুল (৩৯)৷ তাঁরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে কোনও ব্যবস্থা নেয়নি৷
জানা গিয়েছে, পাহাড়পুর গ্রামে শেখ আজিজুলের ২ কাঠা জমি রয়েছে৷ সেই জমির কাগজ তাঁরই নামে৷ অভিযোগ, দীর্ঘদিন থেকে সেই জমিটি দখল করতে চায় আজিজুলদের আত্মীয়দের একাংশ৷ গতকাল রাতে শেখ আসিফ, শেখ ইসরাফুল, শেখ হালিম সহ আরও কয়েকজন আত্মীয় আজিজুলের জমিটি দখল করার চেষ্টা করে৷ তাদের বাধা দেন আজিজুল৷ এনিয়ে শুরু হয় বচসা৷ একসময় সেই বচসা সংঘর্ষের আকার নেয়৷ আসিফরা ধারালো অস্ত্র নিয়ে আজিজুলের উপর ঝাঁপিয়ে পড়ে৷ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শেখ রাজুলও৷ দুজনেরই মাথা সহ অন্যান্য জায়গায় ধারালো অস্ত্রের কোপ পড়ে৷ শেষে গ্রামের মানুষজন ছুটে এলে পালিয়ে যায় আসিফরা৷ রাতেই আহত দুই ভাইকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়৷ এখনও তাঁরা সেখানে ভরতি রয়েছেন৷ আহতদের ভাগনে নাজিরুল জানান, এই ঘটনায় তাঁরা কালিয়াচক থানায় মোট ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে কোনো উদ্যোগ নেয়নি৷

No comments:
Post a Comment