সন্তানের জন্য বাবা-মায়েরা কত কিই-না করে থাকেন। প্রয়োজনে নিজের সর্বস্বটুকু বিলিয়ে দিতে পারেন। এমন একটি উদাহরণ তৈরি হলো নতুন করে।
তবে এ গল্পে মেয়ের ইচ্ছা নয় বরং বাবার ইচ্ছাতেই মেয়ের জন্য সব আয়োজন। বাবার ইচ্ছা মেয়েকে বিশ্ব ভ্রমণে পাঠাবেন। তার জন্য তিনি তৈরি করেছেন সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি গাড়ি। কাদামাটির পথ মাড়িয়ে, পাহাড়ের ঢাল বেয়ে দূর-দূরান্তে চলতে সক্ষম গাড়িটি।
গাড়িটি বাবা তার মেয়ের নামে উৎসর্গ করেছেন। গাড়ির নাম দিয়েছেন মেয়ের নামে। এর নাম কিরাভ্যান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাগরিক ও উদ্ভাবক ব্রান ফেরেনের (৬১) মেয়ে কিরা। কিরার বয়স মাত্র ৪ বছর। তাতে কি? বাবার ইচ্ছা সে বিশ্বটাকে ঘুরে দেখুক। আর এ জন্য চার বছর ব্যয় করে তিনি নিজ হাতে নির্মাণ করেছেন এই গাড়ি।
কি নেই গাড়িতে! অফিস, শয়নকক্ষ, রান্নাঘর সবই আছে। সেই সঙ্গে গাড়িতে রাখা হয়েছে মোটরবাইক ও ছোট আকারের ড্রোন। রাস্তায় জ্যাম আছে কিনা তার খোঁজখবর রাখার জন্য এ ড্রোন রাখা হয়েছে। কিরাভ্যানের ছাদে ছামিয়ানা দেওয়ার ব্যবস্থাও আছে।
ব্রান ফেরেন নিজে বড় প্রযুক্তিবিদ হওয়ায় মেয়েকে দেওয়া উপহারের গাড়িতে রয়েছে এর স্পষ্ট ছাপ। বিশ্বখ্যাত কোম্পানি অ্যাপলাইড মাইন্ডসের প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা ব্রান ফেরেন। এ কোম্পানিটির গ্রাহকের তালিকায় রয়েছে জেনারেল মটরস, ইনটেল ও মার্কিন নৌবাহিনীর মতো বড় প্রতিষ্ঠান ও সংস্থা। ব্রান ফেরেন তার সমস্ত উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে মেয়ের জন্য স্বপ্নের গাড়িটি নির্মাণ করেছেন।
গাড়িটি ছয় চাকাবিশিষ্ট। যেকোনো দুর্গম পথে চলতে সক্ষম। এটি বিরতিহীনভাবে ২ হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। প্রয়োজনে জায়গায় দাঁড়িয়ে ৪৫ ডিগ্রি কোণে ঘুরতেও পারে। গাড়িটি ৩১ ফুট লম্বা এবং ১০ ফুট উঁচু। এর ছিট খুবই আরামদায়ক এবং গাড়ি নিয়ন্ত্রণের জন্য অধিকতর সহায়ক।

No comments:
Post a Comment