অন্ধ্রপ্রদেশের ব্যাটসম্যান হনুমা দলে এসেছেন হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে। ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি। দেশের জার্সিতে টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন হনুমা বিহারী। রবিবার ২৯২ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। হনুমার ব্যাট থেকে এসেছে ৫৬ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজার (৮৬ অপরাজিত) সঙ্গে ৭৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়ে তুলেছেন তিনি।
কিন্তু দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতে নামার আগে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন তিনি। কিন্তু নিজেকে শান্ত রাখার জন্য ম্যাচের আগের দিন তিনি ফোন করেছিলেন রাহুল দ্রাবিড়কে। ‘দ্য ওয়াল’-এর সঙ্গে কথা বলার পরেই শান্ত হন তিনি। দ্রাবিড়ের ফোনেই অভিষেক টেস্টে পান প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ।
হনুমা বললেন, “আমি অভিষেক করার আগের দিনই দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। উনি কিংবদন্তি। ব্যাটিংয়ে ওনার মতামত আমাকে সাহায্য করেছে। আমি কথা বলে চিন্তামুক্ত হয়ে খেলতে পেরেছিলাম। অনেকটা শান্ত হতে পেরেছিলাম। দ্রাবিড় আমায় বলেছিলেন, আমার স্কিল আছে। খেলার মতো মানসিকতা আর ধৈর্য্যও আছে। আমাকে মাঠে নেমে উপভোগ করতে বলেছিলেন। আজ এখানে খেলতে পারার জন্য ওনার অনেক অবদান আছে। ভারতীয় ‘এ’ দলে ওনার পরামর্শেই আমি ভাল ক্রিকেটার হতে পেরেছি।”হনুমা ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ও ৫৬টি লিস্ট এ ম্যাচ খেলেছেন অন্ধ্রপ্রদেশের হয়ে।জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডদের বিরুদ্ধে খেলার আগে রীতিমতো চিন্তিত ছিলেন বলেও জানিয়েছেন হনুমা।

No comments:
Post a Comment