মালদা, ২১ সেপ্টেম্বর: হোস্টেলের ছাদের একাংশ ভেঙে গুরুতর জখম একাদশ শ্রেণির এক ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার শ্রীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আহত ছাত্রের নাম, হাদিকুল ইসলাম(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মিলনগর এলাকায়। জানা গিয়েছে, শ্রীপুর হাই মাদ্রাসায় একাদশ শ্রেণীতে পড়াশোনা করে হাদিকুল। সেখানকার হোস্টেলে থাকে সে। রাতে ঘুমানোর পর শুক্রবার ভোর তিনটে নাগাদ হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে তার উপর। গুরুতর জখম হয় সে। মাথায় এবং হাতে গুরুতর আঘাত রয়েছে। আহত ছাত্রের দাদা সাদিকুল ইসলামের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না ওই হোস্টেলের। অল্পের জন্য প্রাণে বেঁচেছে তার ভাই।
আহত অবস্থায় ভোরবেলা তাকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

No comments:
Post a Comment