ছবি :বিভাস লোধ
দুর্ঘটনাস্থান পরিদর্শনে মাঝেরহাট পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন DG সুরজিৎ কর পুরকায়স্থ, পুলিশ কমিশনার রাজীব কুমার এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থান থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে পাঁচ লাখ, গুরুতর আহতদের এক লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে আগামীকাল দুপুর সাড়ে ৩টের সময় জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। পোস্তা উড়ালপুলের পর মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন তিনি। সূত্রের খবর, সে কারণে এই জরুরি বৈঠক তলব।
ঘটনাস্থান পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, "এটা খুব বড় দুর্ঘটনা হতে পারত। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত। তার মধ্যেও দুজনের মৃত্যু হয়েছে। আজও ঘটনাস্থান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।"
ছবি :বিভাস লোধ
তিনি আরও বলেন, "বাংলায় ব্রিজের সংখ্যা বেশি। ৬ মাস পর পর আমরা ব্রিজগুলি মনিটর করি। কিন্তু, পুরোনো ব্রিজের কাগজ আমাদের কাছে নেই। ওই কাগজগুলি আমরা খুঁজে পাই না। তাও যথা সম্ভব কাগজগুলি খোঁজার চেষ্টা করছি।"
মেট্রোর কাজ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মেট্রোর কাজের জন্য এখানে ভাইব্রেশন বেশি হত। আমরা কোনও অ্যাঙ্গেলকে ছোটো করে দেখতে চাই না। কলকাতা পুলিশ মামলা করেছে। ঘটনার তদন্ত হবে। এই ব্রিজ করতে যতটুকু সময় লাগবে ততদিন একটু সহযোগিতা করতে বলব স্থানীয়দের।"
গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ। দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি গাড়ি। এই দুর্ঘটনায় গতকাল সৌমেন বাগ নামে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। এদিকে আজ উদ্ধারকাজ চালানোর সময় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়।


No comments:
Post a Comment