নিজস্ব প্রতিনিধি: এমনিতেই ভারতের বিভিন্ন শহরে এখন ডেঙ্গির প্রকোপ বহাল তবিয়তে বিরাজমান। ট্রেনে, বাসে, ট্রামে, ট্যাক্সি- যেখানেই যান সুযোগ বুঝে মশার কামড় ঠিক অনুভব করবেন আপনিও। তবে এবার বিমানের মধ্যেও মশার কামড় খেতে হল যাত্রীদের। এমনকি ভুক্তভোগী যাত্রীদের সাহায্যও করল না বিমান সংস্থা ইন্ডিগো, যার জেরে এই বিমান সংস্থাকে প্রতে হল জরিমানার মুখে। ইন্ডিগোকে ভুক্তভোগী ওই তিন যাত্রীকে সবমিলিয়ে ১.৩৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল আদালত।
ঘটনার সূত্রপাত, এই বছরের এপ্রিল মাসে। দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে চড়ে অমৃতসর যাচ্ছিলেন অনুপ শর্মা, রচনা অরোরা, সুখনদীপ সিং ও উপদীপ সিং। বিমানে ওঠার সঙ্গেসঙ্গেই দেখেন আসনের চারপাশে মশা ভনভন করছে। তখনও রানওয়েতে দাঁড়িয়ে বিমান। মশার আক্রমণ থেকে বাঁচতে ওই যাত্রীরা বিমানসেবিকাদের বিষয়টি জানান। অভিযোগ, মশার উপস্থিতির কথা শুনেও খুব একটা গা করেননি তাঁরা। পালটা দাবি করেন, রানওয়েতে মশাকে আটকানো সম্ভব নয়। তখন যাত্রীরা সাময়িক স্বস্তির জন্য মশা নিধনের ব্যবস্থার আবেদন জানিয়েছিলেন। তাতে বিমানকর্মীদের সাফাই ছিল, ফ্লাইট ছাড়ার সময় হয়েছে। এই মুহূর্তে মশা নিধনের ব্যবস্থা করা অসম্ভব। এরপর আর কথা বাড়াননি তারা, মশার কামড় সহ্য করে সে যাত্রায় অমৃতসরে অবতরণ করলেও বিমান সংস্থাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছকে নেন ওই চার যাত্রী। অমৃতসরেই আইনজীবীদের সঙ্গে কথা বলে ক্রেতাসুরক্ষা আদালতে ইন্ডিগোর বিরুদ্ধে মামলা করা হয়। আর তাতেই মূলত বিপাকে পড়ে বিমান সংস্থা ইণ্ডিগো।
আইনজীবীর নোটিসেই স্পষ্ট করে দেওয়া হয়েছে টাকার অঙ্ক। আদালতের নির্দেশে অভিযোগকারী তিন যাত্রীকে পৃথকভাবে ৪০ হাজার টাকা করে দেবে বিমান সংস্থা। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ার খরচ হিসেবে ১৫ হাজার টাকাও জমা করবে।

No comments:
Post a Comment