চাঁদনী, কাঁথি: তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই পোস্টারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল হলদিয়ার বিভিন্ন জায়গায় । সাদা কাগজের ওপর আলতা দিয়ে লেখা এই পোস্টার লাগানো হয়েছে হলদিয়া ও কাঁথি শহরের বিভিন্ন জায়গায়। যা সামনে আসার পর হইচই পড়ে গেছে গোটা শহরে। সম্প্রতি বিজেপি-র জেলা সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল কাঁথিতে। সাংসদ দিব্যেন্দু অধিকারীর মদতে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপি। বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই হামলা বলে পাল্টা দাবি করে ছিলেন দিব্যেন্দু।দিলীপের গাড়িতে হামলার কথা উল্লেখ করেই মুন্ডু চাই পোস্টার লাগানো হয়েছে। আর সেই পোস্টারে উল্লেখ রয়েছে বিজেপি যুব মোর্চার নাম। স্বাভাবিকভাবে বিজেপি যে প্রতিহিংসার রাজনীতিতে মত্ত তা স্পষ্ট এই ঘটনায়।
বিষয়টি নজরে এসেছে এবং এ ব্যাপারে পুলিসেও অভিযোগ জানিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বলেন," বিজেপি-র রাজ্য এবং জেলা সভাপতিরা প্রকাশ্যে এই ভাষায় কথা বলে থাকেন। ওরা যে হিংসাত্মক রাজনীতির সঙ্গে যুক্ত তা এই ঘটনায় স্পষ্ট। আমি পুলিসকে অভিযোগ জানিয়েছি। পুলিস তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক।" মুন্ডু চাই পোস্টারের সঙ্গে বিজেপি-র যুব মোর্চার কোনও হাত নেই বলে জানিয়েছেন কাঁথি সাংগঠনিক বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ দাস। পুরো ঘটনা পরিকল্পিত এবং বিজেপি-র রাজনৈতিক প্রক্রিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা বলে জানিয়েছেন তিনি।


No comments:
Post a Comment