মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মৃতদের মধ্যে দু’জন মহিলা আছেন। এদের মধ্যে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের রামনগর এলাকার কলাতলাহাটে। এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পথ অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
মৃতরা হলেন কাকলী চক্রবর্তী (৩৮) স্থানীয় সরিষার বাসিন্দা। স্কুলছাত্রী সায়নী হালদার ডায়মন্ড হারবার হাইস্কুলের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। এরা দু’জন অটোতে ছিলেন। অটো থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কলকাতাগামী ট্রেলারটি এসে ধাক্কা মারে দু’জনকে। অটোটি সরিষা থেকে নৈনানের দিকে যাচ্ছিল। ট্রেকারটি বাঁদিক থেকে পুরোপুরি ডানদিকে এসে দুই অটোযাত্রীকে ধাক্কা মারে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। রাস্তার সঙ্গে পিষে দেয় দু’জনকে। অন্যদিকে সাইকেল আরোহী শ্রীকান্ত গায়েনের (৩০) মৃত্যু হয়েছে। ট্রেলারটি প্রথমে সাইকেলে ধাক্কা মারার পর অটোর যাত্রীদের ধাক্কা মারে। শ্রীকান্তরও ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয় সাকরার বাসিন্দা তিনি। ট্রেলারটি ফলতা বিশেষ অর্থনাতিক অঞ্চলে পণ্য খালাস করে ফিরছিল।

No comments:
Post a Comment