ধর্ম পরিবর্তন করে হিন্দু নারী এবং মুসলিম পুরুষের বিয়ে পরবর্তী ভারতে অহরহ যে বিতর্কের জন্ম হয় তা নিয়ে কথা বলেছেন তসলিমা নাসরিন।
হিন্দু মেয়ে বিয়ে করে মুসলিম করার যে অভিযোগ রয়েছে ভারতে সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন তিনি।
রোববার এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে কথা বলেন। পাঠকের জন্য তার স্ট্যাটাস এখানে হুবহু দেয়া হলো-
ঈহিণী আম্বরীণ। কী সুন্দর নাম! নামে কোনও ধর্মের গন্ধ নেই। ইমতিয়াজুর রহমান আর নিবেদিতা ঘটক- দুজন মিলেই তাঁদের সন্তানের ওই নামটি রেখেছেন।
নিজেরা ধর্মের অন্ধত্ব থেকে মুক্ত ছিলেন বলেই ভালোবেসে বিয়ে করেছিলেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে, কেউ কারও ধর্ম বদলাননি। দুজনই শিক্ষিত, সভ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।
ইমতিয়াজ চাকরি করেন রাজ্য সরকারের কর অফিসে, নিবেদিতা শিক্ষকতা করতেন। কিন্তু ২০ বছরের বিবাহিত জীবন পার করার পর নিবেদিতার অসুখে মৃত্যু হলো দিল্লির হাসপাতালে।
তাঁকে যথারীতি হিন্দু মতে দাহ করা হলো। ইমতিয়াজ দিল্লির মন্দিরে স্ত্রীর শ্রাদ্ধ করতে চাইলেন, কিন্তু শ্রাদ্ধ করতে রাজি নন পুরুত ঠাকুর। কেন, নিবেদিতার স্বামী যেহেতু মুসলমান, তাই।
মুসলমানেরা হিন্দু মেয়েদের বিয়ে করে করে মুসলমান বানাচ্ছে, এই নিয়ে ভীষণ ক্ষোভ হিন্দুত্ববাদিদের। এই ক্ষোভে বেশ কিছু মুসলমানকে ওরা খুনও করেছে।

No comments:
Post a Comment