“ভোট ব্যাঙ্ক রাজনীতিতে মুখ্যমন্ত্রীর মুখ পুড়ল। আর বাংলার মানুষের জয় হল।” দুর্গাপুজোর নিরঞ্জন নিয়ে হাইকোর্টের রায়ের পর প্রতিক্রিয়া বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেন তিনি। বর্ধমানের পূর্বস্থলীর জাহান্নগর এলাকায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রায়কে সাধুবাদ ও স্বাগত জানাই। আমরা চাই না নিরঞ্জন বন্ধ করে মহরম হোক আর মহরম বন্ধ করে নিরঞ্জন হোক। একে অপরের পরবে ও উৎসবে আমরা যেভাবে মেতে উঠি, সেইভাবেই উঠব।”
এরপরই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জয় বলেন, “আমরা নকল নমাজ় পড়ি না, হাদিস পড়ি না, নকল রোজাও রাখি না। যে যার নিজের ধর্ম সঠিকভাবে পালন করলে অশান্তির কোনও ঘটনা ঘটে না।”
সভা থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তকেও কটাক্ষ করেন তিনি। জয় বলেন, “তৃণমূলের তৎকাল নেত্রীদের একটু করে বুদ্ধি হচ্ছে। কারণ বিজেপি-কে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তৃণমূলই তৃণমূলের লোকেদের উপর নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে। আমরা এই ঘটনা দেখেছি হাবড়াতে। কীভাবে কলেজের ছাদ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদককে বহিরাগতরা ফেলে দিয়েছে।”
আজকের জনসভায় জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক, গোপাল চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার সহ অন্যরা। পূর্বস্থলীতে অস্ত্র কারবারিকে গ্রেপ্তার নিয়ে পুলিশকে সাধুবাদ জানান জয়।
No comments:
Post a Comment