আহমেদাবাদ শহরের নাম পরিবর্তনের দাবি বিজেপি এমপি'র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

আহমেদাবাদ শহরের নাম পরিবর্তনের দাবি বিজেপি এমপি'র

 


বিজেপির সিনিয়র নেতা ও রাজ্যসভার এমপি সুব্রমনিয়াম স্বামী গুজরাটের ঐতিহাসিক আহমেদাবাদ শহরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।
তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওই আবেদন জানিয়েছেন। আহমেদাবাদের নাম পরিবর্তন করে তিনি কর্ণবতী রাখার দাবি জানিয়েছেন। স্বামীর দাবি, এটিই হল আসল নাম সেজন্য পুরোনো নামই বহাল করতে হবে।
সুব্রমনিয়াম স্বামী বলেন, নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদি এখন নিজেই প্রধানমন্ত্রী সেজন্য অবশ্যই এখন তাকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।  
প্রসঙ্গত, বিজেপি সমর্থকরা আগে থেকেই আহমেদাবাদ শহরের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। এবার বিজেপি’র সিনিয়র সদস্য একই ইস্যুতে সোচ্চার হওয়ায় বিষয়টি আরো জোরালো হয়ে উঠল বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষ করে গুজরাট রাজ্য ও কেন্দ্রীয় সরকারে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় থাকায় কোনো শহরের নাম পরিবর্তন অসম্ভব কিছু নয়। কিন্তু এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয়।
এ নিয়ে আজ পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়য়ের দূরশিক্ষা বিভাগের সহঅধিকর্তা ও ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ  বলেন, ‘বিজেপি নেতা আহমেদাবাদ শহরের নাম পরিবর্তনের যে দাবি তুলেছেন এবং অন্য বিজেপি নেতা- মন্ত্রীরা বিতর্কিত যেসব মন্তব্য করছেন, তার কারণ, তারা দেশের মধ্যে চলমান সহিষ্ণুতা, সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে চাচ্ছেন। ভারতীয় সংবিধানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্শিসহ সব ধর্মের, বর্ণের মানুষের সমান অধিকার দিয়েছে।’
এ ধরণের কিছু নেতা-নেত্রী দেশের ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছেন বলেও ফারুক আহমেদ বলেন। তারা এরইমধ্যে পাঠ্যসূচিতে পরিবর্তন করেছেন এবং আরো পরিবর্তন করতে চাচ্ছেন বলেও তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad