পায়েল দেব, কলকাতা: বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পশ্চিমবঙ্গের তরুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে কলকাতা আন্তর্জাতিক বই মেলার বাংলাদেশ দিবসের মঞ্চে চাঁদের হাট বসতে চলেছে। সৌজন্যে বাংলাদেশ সরকার তথ্য সংস্কৃতি মন্ত্রক ও কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন।
যা দেখে অভিজ্ঞ মহল বলছেন, কলকাতায় সক্রিয় বাংলাদেশ উপদূতাবাস। সাংবাদিক ও কূটনীতিকদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ উপ দূতাবাস কলকাতায় বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে সক্রিয় হয়েছে। বছরের শুরুতেই এবারই প্রথম বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হয়েছে। বাংলাদেশ বই মেলা, শিশু চলচ্চিত্র উৎসব, চিত্র প্রদর্শনী এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ ছিল চোখে পড়ার মত। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান ভারতীয় উপমহাদেশে ব্যাতিক্রমী লড়াই সংগ্রামের ঘটনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হল এক মাত্র মাটি যেখানকার আন্দোলন জন্ম নেয় ছাত্র যুব শক্তির প্রাণ থেকে। বিপ্লবের দেশ বাঁচানোর ভাষনে লক্ষ লক্ষ মানুষ অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েছিল। জনশ্রুতি, সেদিক থেকে বাংলাদেশ কার্যত আন্দোলনের উর্বর ভূমি । ব্রেকিংবাংলা ডট কম মনে করে, বিশ্বের অন্যতম আন্দোলনের আঁতুর ঘর হল বাংলাদেশ।
কলকাতায় ৪২তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রতিবছরের মতন এইবছরও বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়নে সরকারি ও বেসরকারি মোট ৪২টি স্টল থাকবে। সরকারি স্টলগুলো হল বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমী, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এইবারের বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে। ৪২তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় ঢাকার ঐতিহ্যবাহী ও সুপরিচিত ‘আহসান মঞ্জিল’ এর আদলে ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’ তৈরি হয়েছে।
২০১৮ কলকাতা আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরার নিমিত্ত বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার এসব তথ্য ধরেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। প্রথম সচিব (প্রেস) মোঃ মোফাকখারুল ইকবালের সঞ্চালনায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের সম্মেলন কক্ষে আরো উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মোঃ নজরুল ইসলাম ও কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসের দূতালয় প্রধান বি এম জামাল হোসেন।
৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস হিসেবে মেলা কর্তৃপক্ষ ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ, শনিবার ‘বাংলাদেশ দিবস’-এ কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন কর্তৃক বিকেল ৫:৩০ টা থেকে ৭:৩০ টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণের স্টেট ব্যাংক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় সম্মানিত অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শ্রী পঙ্কজ দেবনাথ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ইব্রাহীম হোসেন খান সেমিনারে সভাপতিত্ব করবেন। উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান। পাশাপাশি উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। আলোচক হিসেবে আরো থাকবেন ভারতের বিশিষ্ট ঔপন্যাসিক শ্রী সমরেশ মজুমদার এবং বাংলা একাডেমী, ঢাকার মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান।
অন্যদিকে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত শিল্পী অদিতি মহসিন, প্রিয়াংকা গোপ, এ এস এম শফি মন্ডল সঙ্গীত পরিবেশন করবেন।

No comments:
Post a Comment