ব্রেকিং ফাঁস: রথযাত্রার অনুমতি বাতিল করল পুলিশ!
চাঁদনী,দিঘা: আশঙ্কা ছিল! আর সেটাই হল।মোহন ভাগবত,অমিত শাহর পর ফের বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযানের সূচনা নিয়ে শুরু হল বিতর্ক।পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে হিন্দুত্ববাদী প্রচারের পালে হাওয়া আনতে রথ রাজনীতিতে ফিরছে রাজ্য বিজেপি। চলতি মাসের ১১ তারিখে দিঘা থেকে এই রথযাত্রা শুরুর কথা জানিয়েছে বিজেপি। কিন্তু তার আগেই স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের অনুমতি আদায়ে ব্যর্থ হয়েছে পদ্ম শিবির। যা নিয়েই রীতিমতো তরজা শুরু হয়েছে। নিউ দিঘার যুব-আবাস সংলগ্ন ম্যাথ থেকে শুরু হবে এই রথ যাত্রা। এর জন্য প্রয়োজনীয় অনুমতির জন্য ৫ জানুয়ারি স্থানীয় প্রশাসন অর্থাৎ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে মাঠের অনুমতি চেয়েছিল বিজেপি। রামনগর পশ্চিম মন্ডলের সভাপতি তপন মাইতি নিজেই লিখিত আবেদন জানিয়েছিলেন। আবেদন গ্রহণ করেছিলেন পর্ষদ প্রশাসক সুজন দত্ত। কিন্তু, এখন নকশা স্পষ্ট নয়,অপরিসর রাস্তায় সভা হলে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে এমন নানা যুক্তি তুলে ধরে বিজেপিকে ওই মাঠে রথযাত্রার সূচনা করার অনুমতি দেননি পর্ষদ কর্তারা। একই ভাবে নিরাপত্তার জন্য পুলিস অনুমোদন চেয়ে বিজেপি নেতৃত্ব আবেদন জানিয়েছিলেন জেলা পুলিশ। তাঁরাও সাগর মেলার জন্য প্রয়োজনীয় ফোর্স না থাকার কথা জানিয়ে রথযাত্রা শুরুর অনুমতি খারিজ করে দিয়েছেন।তবে অনুমতি না হলেও ওই দিন নির্দিষ্ট সময়েই দিঘা থেকে রথযাত্রা শুরু হবে বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিজেপির নেতৃত্ব। কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় বলেন," এই রথযাত্রা দলের কেন্দ্রীয় কর্মসূচি। রাজনৈতিক কারণে আমাদের অনুমতি বাতিল করা হল। কিন্তু আমরা নিজেদের নিরাপত্তায় এই রথযাত্রা শুরু করব।" ১১ তারিখ দিঘা থেকে শুরু হয়ে এই রথযাত্রা ১৮ জানুয়ারি শেষ হবে কোচবিহারে। সাগর থেকে পাহাড়ে ঘুরবে বিজেপির এই রথ। প্রচারে থাকবেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা। রথযাত্রায় বিজেপিকে পথ দেখিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি। দেশজুড়ে রথযাত্রার সাফল্য সামনে রেখে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় এনেছিলেন লৌহপুরুষ। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে সাফল্যের পর,এবার সেই রথ রাজনীতিকে বাংলায় আমদানি করতে চলেছে রাজ্য বিজেপির নেতারা। রাজ্য যুব মোর্চার এই রথযাত্রার পোশাকি নাম প্রতিরোধ সংকল্প অভিযান। অভিযানে আনার চেষ্টা করা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। কোচবিহারে সভাও করতে পারেন যোগী আদিত্যনাথ।
No comments:
Post a Comment