বৃহস্পতিবার সন্ধে থেকে বেআইনিভাবে লাইন পারাপার ও রেল লাইনে প্রস্রাব করার বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল জিআরপি। জরিমানাও করা হচ্ছিল। এক যাত্রী জরিমানার রসিদ দাবি করেন। সেখান থেকে ঝামেলার শুরু। যাত্রীদের সঙ্গে রেল পুলিশের হাতাহাতি শুরু হয়। যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে আরপিএফ ও জিআরপি গিয়ে অবরোধ তুলে দেয়। এদিকে, অবরোধ তুলতে গিয়ে জনতার বাধার মুখে পড়ে রেল পুলিশ।
বালি স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। সন্ধ্যা ৭টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। ডাউনে হাওড়াগামী হুল এক্সপ্রেস, ব্যান্ডেল লোকাল আটকে পড়ে। আপ লাইনেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাত সাড়ে ৮টা নাগাদ অবরোধ ওঠে। ট্রেন চালু হয়।
পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। অবরোধকারীদের পালটা অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে।এদিকে, ঘটনার জেরে ক্ষুব্ধ যাত্রীরা আরপিএফ অফিসে হামলা চালায়। জিনিসপত্র ভাঙচুর করে। অবরোধকারীদের সঙ্গে অন্য আরেকদল যাত্রীর অবরোধ তোলা নিয়ে হাতাহাতি হয়। ইট ছোঁড়ার অভিযোগও ওঠে। পরে অবশ্য রেল পুলিশ আধিকারিকরা গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন। উঠে যায় অবরোধ। ফের শুরু হয় ট্রেন চলাচল।

No comments:
Post a Comment