ভয়াবহ অগ্নিকাণ্ডের তামিলনাড়ুর জঙ্গলে। সেখানে ২৭ জন ছাত্রছাত্রী আটকে পড়েছে বলে খবর। দমবন্ধ ওই অবস্থায় তাদের উদ্ধার করতে নেমেছে ভারতীয় বায়ুসেনা। ঘটনার কথা জানতে পেরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী দ্রুত যোগাযোগ করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে। তাঁর সহায়তাও চাওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে তামিলনাড়ুর থেনি জেলায় ছাত্রছাত্রীদের উদ্ধারে নেমেছে বায়ুসেনা বলে খবর।
রবিবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পড়ুয়াদের পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান, থেনির জেলা কালেক্টরের সঙ্গে যোগাযোগ রেখেছেন সার্দান কমান্ড। দ্রুত তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে। তিনি টুইট বার্তায় বলেন, ‘আমি জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছি। প্রায় ১৫ জন ছাত্রছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের পাহাড়ের নীচে নামিয়ে আনা হয়েছে।’
জেলা কালেক্টরের দপ্তর সূত্রে খবর, এই ছাত্রছাত্রীরা ট্রেকিং অভিযানে গিয়েছিল। কিন্তু হঠাৎই ওই জঙ্গলে আগুন লেগে যাওয়ায় তারা আটকে পড়েছে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বায়ুসেনা সঠিক সময়ে উদ্ধার কাজে নেমেছে। দ্রুত সবাইকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
মাদুরাই সার্কেলের বন দপ্তরের সংরক্ষণ বিভাগের আধিকারিক আর কে জেগানিয়া জানান, বেশ কয়েকজন কলেজ পড়ুয়া এখানে ট্রেকিং করতে গিয়েছিল। রবিবার বিকেল ৪টে নাগাদ সেখানে আগুন লাগলে একজন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তার পরিবারের পক্ষ থেকে জঙ্গলে আগুন লাগার খবর দেন বন দপ্তরে। তাদের কাছে ট্রেকিং করার কোনও অনুমতি ছিল না। বন দপ্তরের ৪০ জনের টিম সেখানে পাঠানো হয়েছে পড়ুয়াদের উদ্ধারের কাজে। থেনির জেলা কালেক্টর পল্লবি বলদেব জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সবাইকে নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী যা ঘটবে তা জানিয়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment