নৈহাটিতে খুনের ঘটনায় অভিযুক্ত দলের শ্রমিক সংঠনের নেতা ধনঞ্জয় সিংকে পদ থেকে সরানো হবে।বৃহস্পতিবার একথা বলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। ১৩ মার্চ নৈহাটির হাজিনগরে নিজের বাড়ির সামনে খুন হন বিজয় সিং নামে এক ব্যক্তি। ধনঞ্জয় সিং তাঁকে প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। বৃহস্পতিবার মৃত বিজয় সিংয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অর্জুনবাবু বলেন, খুনের ঘটনায় অভিযুক্তরা কেউ ছাড়া পাবে না।
অর্জুন সিং বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। বিজয়ের পরিবার আমার আত্মীয়। অভিযুক্ত ধনঞ্জয় সিংকে গ্রেপ্তারের কথা পুলিশকে বলেছি। তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যারাকপুর মহকুমা সম্পাদকের পদ থেকেও তাকে অপসারণ করা হবে। নৈহাটিতে তৃণমূলের শ্রমিক সংঠনের যে ঘরের দখল অভিযুক্ত নিয়ে রেখেছে, সেই ঘরের চাবি অবিলম্বে দলীয় নেতৃত্বের হাতে ফেরত দিতে হবে।”
অর্জুনবাবু আরও বলেন, কেউ তৃণমূল করে অপরাধ করলে তাকে রেয়াত করা হবে না। অপরাধের শাস্তি পেতেই হবে। ঘটনা যা ঘটেছে তা সিসিটিভিতে দেখা গেছে। কোনও অভিযুক্ত ছাড় পাবে না।
মৃত বিজয় সিংয়ের ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক।

No comments:
Post a Comment