একনজরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খুঁটিনাটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

একনজরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খুঁটিনাটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন দফাতেই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ১, ৩ ও ৫ মে ভোটগ্রহণ হবে। গণনা ৮ মে। এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিং। তিনি জানান, প্রথম দফায় নদীয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ ও বীরভূমে। তৃতীয় দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভোটদান হবে। কমিশন জানিয়েছে, ২ এপ্রিল ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনি হবে ১১ এপ্রিল। ১৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। তবে রাজ্য পুলিস নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে সে বিষয়ে কিছুই জানানি রাজ্য নির্বাচন কমিশনার। এদিকে ভোট হতে চলা এলাকাগুলির পাশাপাশি কলকাতার মতো শহরেও মন্ত্রীদের চলাচলে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, তাঁরা পাইলট কার ব্যবহার করতে পারবেন না।
বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে নানা টানাপোড়েন চলছে। রাজ্য নির্বাচন কমিশন গত জানুয়ারি মাস থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছে। সেই মতো আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ এবং পদাধিকারী সংরক্ষণের কাজ শেষ হয়ে যায় মার্চ মাসের মধ্যেই। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। মে মাসের প্রথম দিকে ভোট হবে ধরে নিয়ে মার্চ মাসের মাঝামাঝি তারা প্রস্তুতি চূড়ান্ত করে ফেলে। তিন লক্ষেরও বেশি ভোটকর্মী চেয়ে মুখ্যসচিবকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার। সাড়ে তিনশো’র বেশি পর্যবেক্ষক চাওয়া হয়েছে নবান্নের কাছে। ভোটের সবরকম প্রস্তুতি নেওয়ার জন্য জেলায় জেলায় বার্তা পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠকে এবং ডেবরার জনসভায় দু-তিন মাসের মধ্যে ভোট হবে বলে মন্তব্য করায় দিনক্ষণ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। যেহেতু আগস্ট মাসের ১৬ থেকে ২৫ তারিখ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতগুলির মেয়াদ রয়েছে, তাই জুলাই মাসে ভোট হবে বলে অনেকে অনুমান করেছিলেন। কিন্তু নবান্নের শীর্ষকর্তাদের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক শুরু করে দেন রাজ্য নির্বাচন কমিশনার। গত ২১ মার্চ জেলার পঞ্চায়েত আধিকারিক, ২৩ মার্চ জেলাশাসক, পুলিস সুপার ও পুলিস কমিশনার, ২৬ মার্চ মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, রাজ্য পুলিসের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ ও কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন কমিশনার। সব শেষে গত বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।
পাশাপাশি সরকারি স্তরেও উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব পঞ্চায়েত দপ্তরের কর্তাদের সঙ্গে এনিয়ে আলোচনা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad