সাহেব মজুমদার: আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে সাংসদের করা ত্রুটিপূর্ণ মন্তব্যের বিরোধীতা করল আদিবাসী মানুষজন। ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন আদিবাসীদের কর্মী সম্প্রদায়ভুক্ত বলে তুলে ধরেছেন তার বক্তব্যে। জেলাজুড়ে তার প্রতিবাদ জানায় আদিবাসী সমাজ। সোমবার জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ জানানো হয়েছে। দাহ করা হয়েছে সাংসদের কুশপুতুল। ভারত জাকাত মাঝি পারগানা মহলের দাঁতন রাজগাড় মুলুক দাঁতন হাসপাতাল থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল সংগঠিত করে। আদিবাসী মানুষদের দাবি সাংসদ এসসি,এসটি সম্প্রদায়ভুক্ত মাহাতদের একই শ্রেণিভুক্ত বলে তার বক্তব্য পেশ করেছেন। তারা মনে করে সাংসদের এই মন্তব্য ত্রুটিপূর্ণ।
অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে গণ্য করা ঠিক হয়নি। এছাড়াও এসসি, এসটি আইনকে লঘু করে দেখানো হয়েছে। তারই প্রতিবাদে সরব হয় আদিবাসী মানুষজন। দাঁতনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে বেশ কয়েকটি কুশ পুতুল নিয়ে দাঁতন বাজারে মিছিল করে তারা। প্রতিবাদ মিছিল শেষে সাংসদের কুশ পুতুল দাহ করা হয়। সংগঠনের নেতৃত্ব নিমাই হেমরম ও সূর্যকান্ত মুর্মু বলেন,"মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ঝাড়গ্রামের সাংসদ তার বক্তব্যে আদিবাসীদের অসম্মানিত করেছেন। আমাদের আশাহত করেছেন তিনি। তারই প্রতিবাদ জানাচ্ছি।"
আদিবাসীরা মনে করেছিল জেনিভাতে গিয়ে সাংসদ তাদের সংস্কৃতি ও কৃষ্টিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবেন। কিন্তু সেই আশা ও বিশ্বাসে সাংসদ আঘাত হেনেছেন বলে দাবি আদিবাসীদের। কেননা আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি ও আচার রয়েছে। জেলা নেতৃত্ব রবীন টুডু বলেন,"অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে আখ্যা দিয়েছেন সাংসদ। এসসি, এসটি আইন ১৯৮৯ তিনি লঘু করেছেন। আমরা তার তীব্র বিরোধীতা করছি।"

No comments:
Post a Comment