পঞ্চায়েত ভোটে ছাত্র ও যুবদের কাছে টানতে সোশাল মিডিয়ার মাধ্যমে অনলাইন প্রচারকে গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। গ্রাম-বাংলায় নবীন প্রজন্মকে কাছে টানতে ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার চালানোর সিদ্ধান্ত হয়েছে।বিজেপি-র কেন্দ্রীয় আইটি সেলের নির্দেশে পঞ্চায়েত ভোটের জন্য এই বিশেষ অনলাইন প্রচার শুরু হবে।
বিজেপি-র মূল লক্ষ্য গ্রাম-বাংলার নবীন প্রজন্মকে কাজে টানা। রাজ্যে গ্রামাঞ্চলের নবীন প্রজন্মের একটা বড় অংশ এখন স্মার্টফোন ব্যবহার করে। তাই অনলাইনে ভোটের প্রচারকে গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন। কনফারেন্সে দিলীপবাবুকে সোশাল মিডিয়ায় ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত গাইড লাইন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরই ফেসবুকে দিলীপ ঘোষের একটি অফিসিয়াল পেজ তৈরি করেছে দলের আইটি সেল।
তবে শুধু ছাত্র-যুবদের নয়, পঞ্চায়েত ভোটে দলীয় কর্মীদের বার্তা দিতেও সোশাল মিডিয়াকে বিজেপি ব্যবহার করবে বলে জানা গেছে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের প্রচারে এবার ফেসবুক লাইভ প্ল্যাটফর্ম করবেন দিলীপবাবু। শুধু রাজ্য সভাপতি নন, দলের রাজ্য কমিটির অন্য নেতারাও পঞ্চায়েত ভোটের প্রচারে ফেসুবক লাইভ-এর সুবিধা নেবেন বলে জানা গিয়েছে। এছাড়া প্রার্থীরাও অনলাইনে নিজেদের প্রচার করবেন।বিজেপি নেতৃত্বের একাংশ বলছে, গ্রামে মিটিং, মিছিল, সভার মাধ্যমে ভোটের প্রচার করার ক্ষেত্রে অনেক জায়গায় শাসক দলের বিরোধিতার মুখে পড়তে হতে পারে। তাই অনলাইন প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজেপির রাজ্য নেতানেত্রীদের মধ্যে জয়প্রকাশ মজুমদার, বিশ্বপ্রিয় মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরি, সঞ্জয় সিং, লকেট চট্টোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “দলের কেন্দ্রীয় আইটি সেল অনলাইনে প্রচারের বিষয়ে একটি গাইড লাইন দিয়েছে। সেই নির্দেশিকা মেনে পঞ্চায়েত ভোটে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে আমরা প্রচারে নামছি। পঞ্চায়েত ভোটে গ্রাম-বাংলার মানুষের কাছে পৌঁছাতে এটাই সব থেকে সহজ উপায়। তাই রাজ্য নেতৃত্ব এই বিষয়ে জোর দিতে চাইছে। পঞ্চায়েত ভোটের চূড়ান্ত দিন ঘোষাণার পর সোশাল মিডিয়ায় প্রচার শুরু করে দেব।”
ফেসবুক লাইভে কী কী প্রচার করা হবে?
BJP-কে ছাত্র-যুবরা কেন সমর্থন করবে?
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে কী কী গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ছাত্র-যুবদের জন্য।
ছাত্র-ছাত্রীদের শিক্ষা ঋণ থেকে বেকার যুবকদের মুদ্রা যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার যুবকদের ব্যাঙ্ক ঋণ দিচ্ছে।
এইসমস্ত প্রকল্পগুলি যেমন প্রচার করা হবে, তেমনি পঞ্চায়েত ভোটে কোন জেলায় কতটা সন্ত্রাস হচ্ছে, কোন জেলায় বিজেপি কর্মীরা ঘর ছাড়া, কোন জেলায় বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে সেই বিষয়গুলি নিয়েও অনলাইনে প্রচার করা হবে।

No comments:
Post a Comment