"কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় বললেন ১৭ হাজার কোটি টাকা দিয়ে শিক্ষকদের পুষছি। তার আগে সরকারি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘেউ ঘেউ করবেন না। এই ধরনের ভাষার প্রয়োগ কোনও রাজনৈতিক সংস্কৃতি নয়। যেমনটা নরেন্দ্র মোদিকে ধর্ষকের সঙ্গে তুলনা করা রাজনৈতিক শালীনতাবোধকে অপমান করে। রাজনৈতিক সংস্কৃতিকে অপমান করে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধর্ষক ধনঞ্জয় চ্যাটার্জির সঙ্গে তুলনাকে এই ভাষাতেই আক্রমণ করলেন বামনেতা তন্ময় ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজনৈতিক সংস্কৃতিকে শেষ করে দিতে তৃণমূল এবং BJP একটা প্রতিযোগিতায় নেমেছে।
মঙ্গলবার পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল যুব কংগ্রেস। সেই বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, “ধনঞ্জয় চ্যাটার্জি চৌকিদার ছিল। সে তার কর্তব্যের উলটো কাজ করেছে। সেই কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে ভারতের চৌকিদার নরেন্দ্র মোদি দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে। মানুষকে বঞ্চনা করেছে। অ্যান্টি পিপল কাজ করেছে। কিন্তু সে ক্ষান্ত হয়নি। চারিদিকে সাম্প্রদায়িকতার নামে উস্কানি দিয়ে হত্যালীলা চালানো হচ্ছে। সেই ধনঞ্জয়ের মতো এই নতুন ধনঞ্জয় নরেন্দ্র মোদিকে ২০১৯-এ ছুড়ে ফেলে দিতে হবে।”
ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, "নরেন্দ্র মোদির সঙ্গে রাজনৈতিক বিরোধিতা আছে বামপন্থীদের। উনি আচ্ছে দিনের নামে দেশের অনেক সর্বনাশ করেছেন। যা আর কেউ করেননি। BJP পরিচালিত ছত্তিশগড়ে সবচেয়ে বেশি গণধর্ষণ হয়েছে। এগুলো রাজনৈতিক বিরোধিতার অঙ্গ। কিন্তু রাজনৈতিক বিরোধিতা ব্যক্তি মোদিকে নিয়ে নয়। রাজনৈতিক বিরোধিতা মোদির দর্শন নিয়ে। তাঁর রাজনীতি নিয়ে। কিন্তু তাঁকে ধর্ষকের সঙ্গে তুলনা করাটা রাজনৈতিক শালীনতাবোধকে অপমান করে। মন্তব্য করার আগে অনেক বেশি সর্তকতা অবলম্বন করা উচিত।"
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ মার্চ কলকাতার পদ্মপুকুর এলাকার আনন্দ অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাটে খুন হন বছর আঠারোর হেতাল পারেখ। ধনঞ্জয় ছিল ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী। হেতাল পারেখকে ধর্ষণ করে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারপর্ব শেষে ২০০৪ সালের ১৪ অগাস্ট তার ফাঁসি হয়।

No comments:
Post a Comment