মৃন্ময় নস্করঃ ভাগাড় কান্ডের জেরে এবার সোনারপুরের ময়লাপোতায় বসানো হল সি সি টিভির নজরদারি। রাজ্যে ভাগাড় কান্ড সামনে আসার পরই এই প্রথম কোন পুরসভা ডাম্পিং গ্রাউন্ডকে নজরদারি ক্যামেরার আওতায় আনল। আর সেটা হল রাজপুর সোনারপুর পুরসভা। এই পুরসভার ময়লাপোতা ডাম্পিং গ্রাউন্ড যতেষ্ট সুরক্ষিত। তবু সুরক্ষাকে আরোও জোরদার করতে এবার সি সি টিভির নজরদারিতে আনা হল গোটা এলাকাকে।
শনিবার রাজপুর সোনারপুর পুরসভার ময়লাপোতা ডাম্পিং গ্রাউন্ডে দুটি ক্যামেরা লাগিয়ে নজরদারির কাজ শুরু করা হয়েছে। আরোও দুটি ক্যামেরা লাগানোর পরিকল্পনা রয়েছে পুরসভার। সেগুলি শীঘ্রই বসানো হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান ডাঃ পল্লব দাস। এখন যে ক্যামেরাগুলি লাগানো হয়েছে তা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকার মুখে এবং আশেপাশে। এরপরের ক্যামেরা দুটি লাগানো হবে ভাগাড় এলাকায়। এই পুরসভার ময়লাপোতা ডাম্পিং গ্রাউন্ড অন্য ডাম্পিং গ্রাউন্ডের মতো নয়।
গোটা গ্রাউন্ড ঘেরা রয়েছে উঁচু পাঁচিল দিয়ে। ডাম্পিং গ্রাউন্ডের গেটও রয়েছে। রাতে সেখানে তালা ঝোলে। ডাম্পিং গ্রাউন্ড পাহারার কাজে ২৪ ঘন্টার নজরদারির ব্যবস্থাও রয়েছে পুরসভার। দুই সিফটে ২ জন করে মোট ৪ জন পুরসভার নিরাপত্তা কর্মী সেখানে কাজ করেন। তারপরেও এই ডাম্পিং গ্রাউন্ডের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিয়েছে পুরসভা। চেয়ারম্যান ডাঃ পল্লব দাস জানান, এই ডাম্পিং গ্রাউন্ডে শীঘ্রই মৃত পশুকে দাহ করতে 'পশু শ্মশানঘাট'ও তৈরি করা হচ্ছে। তার জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে।



No comments:
Post a Comment