অ্যাম্বুলেন্সের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো হয় গুলি। ছোড়া হয় পাথরও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও পাথরের আঘাতে আহত হয়েছেন চারজন।
হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে রক্ত দেওয়ার জন্য প্রতিবেশী পাঁচ যুবককে নিয়ে অ্যাম্বুলেন্সে চেপে যাচ্ছিলেন আলি হোসেন। তাঁর ছেলে সাজ্জাদ হোসেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি। কিন্তু আজ চোপরায় ঢোকার মুহূর্তে অ্যাম্বুলেন্সটি আটকে দেয় বেশ কিছু দুষ্কৃতী। তারা জাতীয় সড়ক অবরোধ করেছিল। এরপর অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছোড়া হয়। লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এরপর অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ছোড়া হয় পাথরও। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, আজ ভোটগণনাকে কেন্দ্র করে সকাল থেকেই চোপরায় শাসক ও বিরোধীদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। দু'পক্ষই জাতীয় সড়ক অবরোধ করে পরস্পরের উপর হামলা চালিয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ অ্যাম্বুলেন্সটি সম্ভবত দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে যাওয়ায় ঘটনাটি ঘটে।

No comments:
Post a Comment