কাবুল, আফগানিস্তানে কর্মরত ৭ ভারতীয় ইঞ্জিনিয়রকে অপহরণ করল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। কাবুলে অবস্থিত ভারতীয় দূতবাসের দুই আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাগলান প্রদেশের একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করেন অপহৃত ইঞ্জিনিয়ররা। পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করছে দা আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থা। এই সংস্থার সঙ্গেই অপহৃত ইঞ্জিনিয়ররা যুক্ত।
স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, আজ সকালে পাওয়ার প্ল্যান্টে কাজে যাওয়ার পথে ৭ ভারতীয় ইঞ্জিনিয়র ও এক আফগান গাড়িচালককে অপহরণ করে দুষ্কৃতীরা। যদিও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানা যায়নি। এখনও পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি।
বিদেশ মন্ত্রকের তরফেও ভারতীয় ইঞ্জিনিয়রদের অপহরণের ঘটনাটির সত্যতা স্বীকার করা হয়েছে। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, “আমরা আফগানিস্তানের বাগালান প্রদেশ থেকে ভারতীয় নাগরিকদের অপহরণের ঘটনা সম্পর্কে জেনেছি। আমরা আফগানিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হচ্ছে।”
আফগানিস্তানে আগেও এই ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তালিবানের হাত থাকার ঘটনা সামনে এসেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তালিবানের তরফে দায় স্বীকার করা হয়নি। ২০১৬ সালে কাবুল থেকে এক ভারতীয় সহায়তা কর্মীকে অপহরণ করা হয়েছিল। ৪০ দিন পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল।

No comments:
Post a Comment