পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ফল প্রকাশিত হবে বেলা ২টার সময়। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in থেকে। এছাড়া, পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক দেখতে পাবে বোর্ডের ওয়েবসাইটে (www.wbjeeb.in)।
বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির ডিগ্রি কোর্সে ভরতির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরে পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশ করছে বোর্ড। পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল।
আগে সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হত। এর জন্য অনেক পড়ুয়া বিভিন্ন কলেজে ভরতি হয়ে যেত। জয়েন্টে সুযোগ না পেলে পরে সমস্যায় পড়তে হতে পারে ভেবে তারা ভরতি হত। এর ফলে অনেকসময় কলেজগুলিকেও সমস্যায় পড়তে হয়েছে। কারণ, পরে পড়ুয়ারা জয়েন্ট পেয়ে যাওয়ার পর ওই আসনগুলি অনেকক্ষেত্রে ফাঁকা থেকে যায়। আগে ফল প্রকাশ হয়ে যাওয়ায় দু'পক্ষেরই অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment