সেপটিক ট্যাঙ্কে নেমে কাজ করার সময় মৃত্যু হল দুই শ্রমিকের। মৃতদের নাম প্রদীপ বর (২৬) ও সমীর দাস (৩২)। দু’জনেই পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় কোনওভাবে জলে পড়ে যান তাঁরা। এরপর দমবন্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার খড়দার রুইয়ার সেন্ট জেভিয়ার্স স্কুলের।
গরমের ছুটির জন্য স্কুল বন্ধ। সংস্কারের কাজ চলছে স্কুলে। শনিবার সকালেও স্কুলে কাজ করতে আসেন শ্রমিকরা। স্কুলের সেপটিক ট্যাঙ্কেও কাজ চলছিল। প্রায় ২০ ফুট গভীর ওই ট্যাঙ্কে প্রদীপ ও সমীর কাজ করতে নামেন। কিন্তু, বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তাঁদের কোনও সাড়া পাচ্ছিলেন না অন্য শ্রমিকরা। এরপর ট্যাঙ্কের মধ্যে ওই দুই শ্রমিকের মৃতদেহ ভাসতে দেখেন তাঁরা।
প্রথমে বিষয়টি স্কুল ম্যানেজমেন্টকে জানানো হয়। পরে খড়দা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহ দুটিকে তোলার চেষ্টা করছে। তবে কী কারণে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

No comments:
Post a Comment