নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে কলকাতা স্টেশন থেকে গ্রেপ্তার করা হল পাঁচ চিনা নাগরিককে। তাদের কাছ থেকে ১৯৭ কেজি অ্যাম্ফেটামাইন নামক নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যেগুলির বাজার দর প্রায় ৩৯ কোটি টাকা। গতরাতে কলকাতা স্টেশনে প্য়াকেটে মোড়া কিছু সামগ্রী ব্যাগ বদল করছিল ওই পাঁচ চিনা নাগরিক। সন্দেহ হয় সেখানে থাকা রেল পুলিশদের। জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। কথাবার্তা সন্দেহজনক থাকায় তাঁদের আটক করে শিয়ালদা GRP। তাদের কাছ থেকে সাতটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। ওই ব্যাগগুলি থেকে মোট ২০টি প্যাকেট পাওয়া যায়। যেগুলির মধ্যে মাদক দ্রব্যগুলি ছিল। এরপর গ্রেপ্তার করা হয় তাদের। এই ঘটনার তদন্তভার CID নিতে পারে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা চিনা ভাষা ছাড়া অন্য কোনও ভাষায় সেভাবে কথা বলতে পারে না। তাদের মধ্যে একজন ভাঙা ভাঙা ইংরেজি ভাষায় কথা বলতে পারছে।
অভিযুক্তরা চিন থেকে আসছিল না চিন যাচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কীভাবে ওই মাদকদ্রব্য আনা বা নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তা কীভাবে এয়ারপোর্টের স্ক্যানারে ধরা পড়ল না সেদিকে নজর রয়েছে গোয়েন্দাদের।
ধৃতদের পাসপোর্ট দেখে জানা গেছে ২০১৬ সাল থেকে তারা এদেশে আসছে। এবং বছরে প্রায় ৪বার করে এখানে এসেছে তারা।

No comments:
Post a Comment