অভিযান চলাকালীন জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক জওয়ান। অভিযানে নিকেশ হয়েছে দুই জঙ্গিও। বৃহস্পতিবার সকালে বান্দিপোরার পানার জঙ্গলে অভিযানে নামে সেনা। এখনও চলছে অভিযান।
বুধবার সামর চাম্বলিয়াল সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনা। হামলায় শহিদ হন BSF-এর চারজন। আহত হয়েছেন আরও তিনজন জওয়ান। শহিদদের মধ্যে দু'জন জওয়ান, বাকি দু’জন BSF-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও সাব ইন্সপেক্টর।
সংঘর্ষবিরতি লঙ্ঘন ও জঙ্গি কার্যকলাপ নিয়ে গতমাসেই ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMOs) পর্যায়ে আলোচনা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সংঙ্ঘর্ষ বিরতি নিশ্চিত করতে আলোচনা হলেও বিনা প্ররোচনায় ফের হামলা চালাতে শুরু করে পাকিস্তান। এদিনের হামলার পর BSF-র অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল(ADG) কমলনাথ চৌবে বলেন, “ভারত সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলছে। কিন্তু, পাকিস্তান তা লঙ্ঘন করছে এবং সীমান্তে হিংসা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “সংঘর্ষবিরতি সবসময় একটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। আমরা তার পবিত্রতা রক্ষা করছি, কিন্তু পাকিস্তান তা লঙ্ঘন করছে। সীমান্তে সুরক্ষা সুনিশ্চিত করতে যা যা প্রয়োজন জওয়ানদের কাছে সবই রয়েছে।” সূত্র: ইনাডু

No comments:
Post a Comment